নিজস্ব প্রতিবেদক : রাজধানীর খামারবাড়ির কৃষিবিদ ইনস্টিটিউশনে (কেআইবি) ‘দুগ্ধ উৎপাদনে নারী খামারি: উন্নয়নের অগ্রগতি’ প্রতিপাদ্যে বিশ্ব দুগ্ধ দিবস উদযাপন করা হয়েছে।
সোমবার (১ জুন) সকাল ১০টায় কেআইবির থ্রি হলে এ উপলক্ষে আলোচনা সভার আয়োজন করে প্রাণিসম্পদ অধিদপ্তর এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক মো. শাহজামান খান, অতিরিক্ত সচিব ইমামউদ্দিন কবীর এবং পরিচালক (প্রশাসন) ডা. মো. বয়জার রহমান।
সভার আগে কেআইবি প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। পরে প্রতিমন্ত্রী অসহায় মানুষের মধ্যে দুধ বিতরণ করেন।
সভায় প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেন, দেশের অর্থনৈতিক উন্নয়ন ও খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে নারী খামারিদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বর্তমানে কৃষি ও প্রাণিসম্পদ খাতসহ বিভিন্ন ক্ষেত্রে নারীদের অংশগ্রহণ উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে, যা দেশের জন্য আশাব্যঞ্জক।
তিনি বলেন, নারীরা যত বেশি অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হবেন, দেশ তত বেশি শক্তিশালী হবে। তাই দুগ্ধ খামার ব্যবস্থাপনায় নারী উদ্যোক্তাদের প্রশিক্ষণ, প্রযুক্তিগত সহায়তা এবং প্রয়োজনীয় প্রণোদনা প্রদানের ওপর গুরুত্বারোপ করেন তিনি।
প্রতিমন্ত্রী আরও বলেন, দেশের দুধ উৎপাদন বৃদ্ধি করে অভ্যন্তরীণ চাহিদা পূরণের পাশাপাশি ভবিষ্যতে রপ্তানির সুযোগ সৃষ্টি করতে হবে। বর্তমানে বিভিন্ন দুগ্ধজাত পণ্য আমদানি করতে হয়। উৎপাদন বাড়াতে পারলে এই নির্ভরতা কমবে এবং বৈদেশিক মুদ্রা সাশ্রয় হবে।
তিনি সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার আহ্বান জানিয়ে বলেন, প্রাণিসম্পদ খাতের উন্নয়নে সবাইকে সমন্বিতভাবে কাজ করতে হবে। সঠিক পরিকল্পনা ও কার্যকর উদ্যোগের মাধ্যমে এ খাত দেশের অর্থনৈতিক উন্নয়নে আরও বড় ভূমিকা রাখতে সক্ষম হবে।
বিশ্ব দুগ্ধ দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে দেশের বিভিন্ন অঞ্চল থেকে আগত নারী খামারি, উদ্যোক্তা, প্রাণিসম্পদ বিভাগের কর্মকর্তা এবং গণমাধ্যমকর্মীরা অংশ নেন।