মুন্সীগঞ্জ প্রতিনিধি : চাকুরি রাজস্বখাতে স্থানান্তরের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে মুন্সীগঞ্জ সরকারি হরগঙ্গা কলেজ শাখা সরকারি কলেজে কর্মরত বেসরকারি কর্মচারী ইউনিয়নের সদস্যরা ।
বুধবার (৩ জুন) সকাল সাড়ে ১০টার দিকে মুন্সীগঞ্জ সরকারি হরগঙ্গা কলেজের প্রধান ফটকের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে কলেজের বেসরকারি কর্মচারীরা অংশ নিয়ে বিভিন্ন দাবি-দাওয়া তুলে ধরেন।
মানববন্ধনে বক্তব্য দেন সরকারি কলেজে কর্মরত বেসরকারি কর্মচারী ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক ও মুন্সীগঞ্জ জেলা কমিটির সভাপতি মো. মনির হোসেন, মুন্সীগঞ্জ সরকারি হরগঙ্গা কলেজ শাখার সভাপতি মো. শাহিন এবং সাধারণ সম্পাদক মো. আল আমিন।
বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে সরকারি কলেজে দায়িত্ব পালন করলেও বেসরকারি কর্মচারীরা নানা বৈষম্যের শিকার হচ্ছেন। তারা সরকারি কলেজে কর্মরত সকল বেসরকারি কর্মচারীর চাকুরি দ্রুত রাজস্বখাতে স্থানান্তরের দাবি জানান।
মানববন্ধন থেকে আরও দাবি জানানো হয়, চাকুরি রাজস্বখাতে স্থানান্তরের পূর্ব পর্যন্ত সরকারি বেতন স্কেল অনুযায়ী বেতন-ভাতা প্রদান করতে হবে। দীর্ঘদিন ধরে অস্থায়ীভাবে কর্মরতদের বাদ দিয়ে নতুন নিয়োগ বন্ধ করতে হবে এবং কর্মরতদের অগ্রাধিকার ভিত্তিতে স্থায়ী নিয়োগ দিতে হবে। এছাড়া অস্থায়ী কর্মচারীদের চাকরিচ্যুতি বন্ধ ও কোনো কর্মচারীকে শূন্য হাতে চাকরি থেকে অব্যাহতি না দেওয়ারও দাবি জানানো হয়।
বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, তাদের যৌক্তিক দাবিগুলো দ্রুত বাস্তবায়ন করা না হলে অচিরেই কেন্দ্রীয় কর্মসূচির সঙ্গে সামঞ্জস্য রেখে বৃহত্তর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে।