শুক্রবার, ৫ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
২২ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
১৮ জিলহজ, ১৪৪৭ হিজরি

হবিগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অন্তত ৫০

নিজস্ব প্রতিবেদক : হবিগঞ্জ সদর উপজেলার লুকড়া ইউনিয়নের কাশিপুর গ্রামে ব্রাজিল ও আর্জেন্টিনা সমর্থকদের মধ্যে সংঘর্ষে অন্তত ৫০ জন আহত হয়েছেন। বুধবার দুপুরে এ ঘটনা ঘটে।
পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

স্থানীয় সূত্রের খবর, মঙ্গলবার বিকেলে কাশিপুর গ্রামের মাঠে ব্রাজিল ও আর্জেন্টিনা সমর্থকদের মধ্যে একটি প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। ম্যাচে আর্জেন্টিনা সমর্থকদের দল ৩-২ গোলে জয় পায়।

খেলা শেষে জয় উদযাপনকে কেন্দ্র করে দুই পক্ষের সমর্থকদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।
পরে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা হস্তক্ষেপ করে পরিস্থিতি শান্ত করেন। তবে ম্যাচের ফলাফল নিয়ে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছিল।

এরই জেরে বুধবার দুপুরে দুই পক্ষের সমর্থকরা দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় উভয় পক্ষ একে অপরকে লক্ষ্য করে ইট-পাটকেলও নিক্ষেপ করে।

খবর পেয়ে হবিগঞ্জ সদর মডেল থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

ঘটনার পর এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।