শুক্রবার, ৫ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
২২ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
১৮ জিলহজ, ১৪৪৭ হিজরি

আবারও পল্লবীর ফ্ল্যাটে নারীর লাশ উদ্ধার, স্বামী-সন্তান কানাডায়

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর পল্লবীর একটি আবাসিক ফ্ল্যাট থেকে সেলিনা আফরোজ (৫৫) নামে এক নারীর অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কয়েকদিন আগেই তার মৃত্যু হয়েছে।
মৃত্যুর প্রকৃত কারণ জানতে ময়নাতদন্তের প্রতিবেদনের অপেক্ষায় রয়েছে পুলিশ।

বৃহস্পতিবার (৪ জুন) বিষয়টি নিশ্চিত করেছেন পল্লবী থানার পরিদর্শক (তদন্ত) মো. হানিফ।

তিনি জানান, বুধবার খবর পেয়ে পল্লবী থানার সেকশন-৬ এলাকার ১০ নম্বর রোডের সি ব্লকের ১৪ নম্বর বাসার একটি ফ্ল্যাট থেকে সেলিনা আফরোজের লাশ উদ্ধার করা হয়। মরদেহটি অর্ধগলিত অবস্থায় ছিল।
পরে ময়নাতদন্তের জন্য তা শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

পুলিশ জানায়, পারিবারিক কলহের কারণে প্রায় ১২ বছর আগে সেলিনা আফরোজ কানাডা থেকে দেশে ফিরে আসেন।
এরপর থেকে তিনি পল্লবীতে বাবার পৈত্রিক ভবনের একটি ফ্ল্যাটে একাই বসবাস করছিলেন। তার স্বামী মমিনুল হক এবং দুই সন্তান বর্তমানে কানাডায় অবস্থান করছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, একই ভবনের চারতলায় সেলিনা আফরোজের এক বোন বসবাস করেন। গত ২৬ মে রাত আনুমানিক ১১টার দিকে ভাতিজা আশফাকুর রহমানের সঙ্গে তার সর্বশেষ কথা হয়। এরপর থেকে পরিবারের সদস্য কিংবা স্বজনদের সঙ্গে তার আর কোনো যোগাযোগ হয়নি।

পুলিশ বলছে, ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পাওয়ার পরই মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

একাকী বসবাসরত এই নারীর রহস্যজনক মৃত্যুর ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তদন্ত শেষে এ বিষয়ে বিস্তারিত তথ্য জানানো হবে বলে জানিয়েছে পুলিশ।