টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি : টঙ্গীর প্রত্যাশা মাঠসংলগ্ন এলাকায় মিছিল করে নাশকতার চেষ্টার অভিযোগে স্বেচ্ছাসেবক লীগ নেতা আমির হােসেন লিটনকে (৪৭) গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার রাত ১২টার দিকে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গতকাল রোববার বিকেলে গ্রেপ্তারকৃতকে গাজীপুর আদালতে পাঠিয়েছে টঙ্গী পশ্চিম থানা পুলিশ।
গ্রেপ্তারকৃত আমির হোসেন টঙ্গী পশ্চিম থানার খরতৈল দক্ষিণপাড়া এলাকার আব্দুল খালেক মাদবরের ছেলে। তিনি গাজীপুর সিটি করপোরেশন টঙ্গী ৫১নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সভাপতি।
পুলিশ জানায়, সম্প্রতি গ্রেপ্তারকৃত আমির হোসেনসহ আরও কয়েকজন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, স্বেচ্ছাসেবক লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী টঙ্গী প্রত্যাশা মাঠসংলগ্ন এলাকায় মিছিল করে। এছাড়াও আমির হোসেন এবং তার সহযোগীরা আওয়ামী লীগের পক্ষে এলাকায় বড় ধরনের শোডাউন ও মিছিল করে আইনশৃঙ্খলা পরিস্থিতি হুমকির মুখে ফেলতে পারে এমন গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি দল শনিবার দিবাগত রাত ১২টার দিকে টঙ্গীর খরতৈল এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। পরে রোববার বিকেলে গ্রেপ্তারকৃত আমির হোসেনকে গাজীপুর আদালতে পাঠানো হয়।
এব্যাপারে টঙ্গী পশ্চিম থানার ওসি মো. আরিফুর রহমান বলেন, সন্ত্রাস বিরোধী আইনের মামলায় গ্রেপ্তার দেখিয়ে আমির হোসেনকে রোববার বিকেলে গাজীপুর বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে। যেকোনো পরিস্থিতি মোকাবেলায় থানা পুলিশ প্রস্তুত রয়েছে বলেও তিনি জানান।