মঙ্গলবার, ৯ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
২৬ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
২২ জিলহজ, ১৪৪৭ হিজরি

পঞ্চগড় সীমান্তে পুশইনের চেষ্টা ব্যর্থ, ৪ দিনের মাথায় ১০ জনকে ফেরত নিল বিএসএফ

মুক্তবাণী রিপোর্ট : পঞ্চগড়ের হাড়িভাসা ইউনিয়নের বড়বাড়ি প্রধানপাড়া সীমান্ত দিয়ে বাংলাদেশে পুশইনের চেষ্টা করে ব্যর্থ হয়ে অবশেষে চারদিনের মাথায় সীমান্তের জিরো লাইনে আটকে থাকা শিশুসহ ১০ জনকে ফেরত নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) টিয়াপাড়া ক্যাম্পের সদস্যরা।

রোববার (৭ জুন) রাত আড়াইটার সময় তাদের নিয়ে যায় বিএসএফ।
সোমবার (৮ জুন) সকালে বিষয়টি নিশ্চিত করেন নীলফামারী-৫৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সিরাজুল ইসলাম।

স্থানীয়রা বলছেন, গত কয়েকদিনের টানা পরিস্থিতির মধ্যে রাতের আঁধারে সীমান্তের বাতি বন্ধ করে তাদের নিয়ে যায় বিএসএফ।
এ ঘটনার পর এখন পরিস্থিতি স্বাভাবিক রয়েছে, সীমান্তে তৎপর রয়েছে বিজিবি সদস্যরা।

স্থানীয় বাসিন্দা ইউসুফ আলী বলেন, রোববার রাত ১২টার পর বিএসএফ একবার তাদের নিয়ে যায়।
আবার তাদের সীমান্তে নিয়ে আসে। এরপর বিজিবিকে জানিয়ে রাত ২টা থেকে আড়াইটা পর্যন্ত তারা সীমান্তের বাতি বন্ধ করে দিয়ে ১০জনকে নিয়ে যায়।
সকাল থেকে সীমান্তের পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

আমিরুল ইসলাম বলেন, তাদের তিনদিন ধরে পুশইন করার জন্য আটকে রেখে অমানবিক আচরণ করেছে বিএসএফ। তারা আইনিভাবে প্রক্রিয়া করলে এমনটা হতো না। আমরা সীমান্ত এলাকায় বিজিবির সঙ্গে সতর্ক রয়েছি।

নীলফামারী-৫৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সিরাজুল ইসলাম বলেন, বিজিবিকে জানিয়ে সীমান্তে নিয়ে আসা ১০জনকে নিয়ে বিএসএফ। এখন পরিস্থিতি পুরো স্বাভাবিক রয়েছে।