নিজস্ব প্রতিবেদক : রাজধানীতে বৃহস্পতিবার দুপুরের পর হঠাৎ শুরু হওয়া টিপটিপ বৃষ্টিতে জনজীবনে নেমে এসেছে ভোগান্তি। বৃষ্টির কারণে রাস্তায় চলাচলকারী পথচারী, মোটরসাইকেল আরোহী ও ক্ষুদ্র ব্যবসায়ীরা পড়েছেন চরম দুর্ভোগে।
বিশেষ করে ব্যস্ত সড়কগুলোতে যানবাহনের গতি কমে যাওয়ায় সৃষ্টি হয়েছে যানজট। এতে কর্মব্যস্ত মানুষকে দীর্ঘ সময় সড়কে অপেক্ষা করতে হচ্ছে।
রাস্তার পাশে বসে ব্যবসা করা হকাররাও বৃষ্টির কারণে ক্রেতাশূন্য হয়ে পড়েছেন, অনেকেই পণ্য রক্ষায় হিমশিম খাচ্ছেন।
এদিকে রাজধানীর ব্যস্ততম বিজয় সরণি এলাকায় বৃষ্টির মধ্যেও ট্রাফিক পুলিশ সদস্যদের ভিজে ভিজে দায়িত্ব পালন করতে দেখা গেছে।
প্রতিকূল আবহাওয়া উপেক্ষা করে তারা যান চলাচল স্বাভাবিক রাখতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।
রাজধানীতে হঠাৎ শুরু হওয়া বৃষ্টিতে অনেক মোটরসাইকেলচালক ও যাত্রীকে ছাতা মাথায় দিয়ে চলাচল করতে দেখা গেছে।
রেইনকোট না থাকায় অনেকে বাধ্য হয়ে ছাতার আশ্রয় নিচ্ছেন, যা চলাচলে বাড়তি ঝুঁকিও তৈরি করছে।
মোটরসাইকেলচালক মো. রাজিব উদ্দিন বলেন, আমার সঙ্গে রেইনকোট ছিল না। হঠাৎ করেই বৃষ্টি শুরু হয়। সৌভাগ্যবশত যাত্রীর কাছে একটি ছাতা ছিল, তাই কোনোভাবে বৃষ্টির হাত থেকে রক্ষা পেয়েছি। না হলে আমাদের দুজনকেই পুরোপুরি ভিজতে হতো।
হঠাৎ বৃষ্টির কারণে রাজধানীর বিভিন্ন সড়কে মোটরসাইকেল চালক ও যাত্রীদের এমন দুর্ভোগের চিত্র চোখে পড়েছে।
তবে হঠাৎ বৃষ্টিতে রাজধানীর বিভিন্ন এলাকায় স্বস্তির আবহ তৈরি হলেও সাধারণ মানুষের দৈনন্দিন চলাচল ও ব্যবসা-বাণিজ্যে এর প্রভাব স্পষ্টভাবে দেখা গেছে।