শনিবার, ১৩ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
৩০ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
২৬ জিলহজ, ১৪৪৭ হিজরি

হাই-ভোল্টেজ ট্র্যাকে বিড়াল, সাময়িক বন্ধ মেট্রোরেল চলাচল

নিজস্ব প্রতিবেদক : মেট্রোরেলের হাই-ভোল্টেজ ট্র্যাকে একটি বিড়ালের অনুপ্রবেশ ঘটনায় সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে ট্রেন চলাচল। শনিবার (১৩ জুন) বেলা ১১টা ৪০ মিনিট থেকে এ অচলাবস্থার সৃষ্টি হয়।

সাধারণত কারিগরি ত্রুটি বা সিগন্যাল সমস্যার কারণে মেট্রোরেল থামার নজির থাকলেও, একটি ক্ষুদ্র প্রাণীর উপস্থিতির কারণে পুরো নেটওয়ার্ক থমকে যাওয়ার ঘটনাটি বেশ নজিরবিহীন। তবে কোন স্টেশনের ঠিক কোন পয়েন্টে বিড়ালটি ঢুকেছে, তা এখনও নিশ্চিত করতে পারেনি মেট্রোরেল কর্তৃপক্ষ।

হঠাৎ ট্রেন চলাচল বন্ধ হয়ে যাওয়ায় চরম ভোগান্তিতে পড়েছেন হাজারো যাত্রী। স্টেশনগুলোতে মুহূর্তের মধ্যেই তৈরি হয় অপেক্ষমাণ মানুষের দীর্ঘ সারি। দীর্ঘক্ষণ অপেক্ষা করেও কোনো সমাধান না পেয়ে অনেকেই বাধ্য হয়ে স্টেশন ছেড়ে বিকল্প পরিবহনের দিকে পা বাড়ান।

পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে নতুন কোনো যাত্রীকে এই মুহূর্তে স্টেশনে প্রবেশ করতে দেয়া হচ্ছে না। তবে দায়িত্বশীলতার পরিচয় দিয়ে কর্তৃপক্ষ অলস বসে থাকা যাত্রীদের টিকিটের টাকা ফেরত দেওয়ার প্রক্রিয়া শুরু করেছে। যারা এরইমধ্যে কার্ড পাঞ্চ করে প্ল্যাটফর্মে প্রবেশ করেছিলেন, তারা কাউন্টার থেকে ভাড়ার টাকা বুঝে নিচ্ছেন।

মেট্রোরেল পরিচালনাকারী সংস্থা ঢাকা মাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) এক কর্মকর্তা জানান, উচ্চ ক্ষমতাসম্পন্ন বৈদ্যুতিক লাইনে যে কোনো প্রাণীর উপস্থিতি বড় ধরনের দুর্ঘটনার কারণ হতে পারে। তাই শতভাগ নিরাপত্তা নিশ্চিত করতেই ট্রেন চলাচল সাময়িকভাবে স্থগিত রাখা হয়েছে।

লাইনটি সম্পূর্ণ নিরাপদ এবং ঝুঁকিমুক্ত করার চেষ্টা চলছে উল্লেখ করে তিনি আরও জানান, ঠিক কখন নাগাদ চাকা আবার সচল হবে, তা সুনির্দিষ্ট করে বলা যাচ্ছে না। তবে ঝুঁকি দূর হওয়ামাত্রই দ্রুততম সময়ে সেবা পুনরায় চালু করা হবে।