সোমবার, ১৫ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
১ আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
২৮ জিলহজ, ১৪৪৭ হিজরি

খলিলুর রহমান : দিল্লি বিমানবন্দরের ঘটনায় ব্যবস্থা নিচ্ছে পররাষ্ট্র মন্ত্রণালয়

নিজস্ব প্রতিবেদক : ভারতের দিল্লি বিমানবন্দরে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডা. জাহেদ উর রহমানের সঙ্গে ঘটনাকে অনাকাঙ্ক্ষিত বলছে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় ব্যবস্থা নিচ্ছে বলেও জানান মন্ত্রী।

আজ সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের সামনে সাংবাদিকদের খলিলুর রহমান বলেন, ‘এটা একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা। দুঃখজনকও বটে। এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় যথাযথ ব্যবস্থা নিচ্ছে। দিন শেষে আমরা এ বিষয়ে জানাব।’

প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদ উর রহমান একটি সম্মেলনে যোগ দিতে ভারতের রাজধানী দিল্লিতে গেলেও ইমিগ্রেশনের বাধার মুখে অনেকটা সময় দিল্লি বিমানবন্দরে বসে থাকার পর শেষ পর্যন্ত সোমবার দুপুর নাগাদ ঢাকায় ফিরে এসেছেন।

প্রতিমন্ত্রী শামা ওবায়েদ জানিয়েছেন, ভারতের নয়াদিল্লির বিমানবন্দরে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডা. জাহেদ উর রহমানের বিষয়ে পুরো ঘটনা জেনে যদি কোনো অ্যাকশন নেওয়ার থাকে, সে অনুযায়ী পদক্ষেপ নেব। এ বিষয়ে আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা কাজ করছেন।

সরকারি সূত্রে জানা গেছে, দিল্লির বিমানবন্দরে প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে নিয়ে ঘটনার বিষয়ে বিস্তারিতভাবে খোঁজ নেওয়া হচ্ছে।
সেখানে গতকাল ঠিক কী ঘটেছিল, তা বিস্তারিতভাবে জানার পর কী পদক্ষেপ নেওয়া হবে, সেটা ঠিক করা হবে।