বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
৪ আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
২ মহর্‌রম, ১৪৪৮ হিজরি

নতুন দায়িত্ব পেলেন সমাজকল্যাণমন্ত্রী ডা. জাহিদ

নিজস্ব প্রতিবেদক : সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেনকে দিনাজপুর মেডিকেল কলেজ (দিমেক) হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভাপতি করা হয়েছে। একই কমিটিতে সহ-সভাপতির দায়িত্ব পেয়েছেন সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম।

বুধবার রাতে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যক্ষ অধ্যাপক ডা. শেখ সাদেক আলী বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় থেকে এ–সংক্রান্ত একটি পত্র হাসপাতাল কর্তৃপক্ষের কাছে পৌঁছেছে।

হাসপাতাল সূত্রে জানা গেছে, গত ১৫ জুন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগ দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও সহ-সভাপতি নিয়োগ দিয়ে একটি প্রজ্ঞাপন জারি করে।

প্রজ্ঞাপনে সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেনকে ব্যবস্থাপনা কমিটির সভাপতি এবং সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলমকে সহ-সভাপতি হিসেবে দায়িত্ব দেওয়া হয়।

স্বাস্থ্যসেবা বিভাগের সরকারি স্বাস্থ্য ব্যবস্থাপনা-১ শাখার উপসচিব কাজী শরিফ উদ্দিন আহমেদ স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ নিয়োগের বিষয়টি উল্লেখ করা হয়েছে।