শুক্রবার, ১৯ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
৫ আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
৩ মহর্‌রম, ১৪৪৮ হিজরি

চট্টগ্রামে ১৭ হাজার ৭২৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক

নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রামের হাটহাজারীতে অভিযান চালিয়ে ১৭ হাজার ৭২৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে র‍্যাব-৭। এ সময় মোহাম্মদ আইয়ুব (২৩) নামে এক মাদক কারবারিকে আটক করা হয়। পাশাপাশি মাদক পরিবহনে ব্যবহৃত একটি নোহা গাড়িও জব্দ করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুর ১টার দিকে হাটহাজারী উপজেলার বুড়িশ্চর ইউনিয়নের ধোপপুল এলাকার এস আলম মার্কেটসংলগ্ন সড়কে অস্থায়ী চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালিয়ে তাকে আটক করা হয়।

শুক্রবার (১৯ জুন) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

র‍্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে, কক্সবাজার থেকে ইয়াবার একটি চালান নিয়ে এক মাদক কারবারি চান্দগাঁও ও হাটহাজারী হয়ে চট্টগ্রাম শহরের দিকে আসছে। এ তথ্যের ভিত্তিতে র‍্যাব সদস্যরা ওই এলাকায় চেকপোস্ট স্থাপন করে। পরে সন্দেহভাজন নোহা গাড়িটি থামিয়ে তল্লাশি চালানো হয়।

এ সময় কক্সবাজারের টেকনাফ উপজেলার নাটমুরা পাড়ার বাসিন্দা মোহাম্মদ আইয়ুবকে আটক করা হয়। পরে গাড়ির মাঝখানের যাত্রী আসনের নিচে কালো স্কচটেপে মোড়ানো নয়টি বান্ডেল থেকে ১৭ হাজার ৭২৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

র‍্যাব-৭-এর সহকারী পরিচালক (মিডিয়া) ও সহকারী পুলিশ সুপার এ. আর. এম. মোজাফ্ফর হোসেন জানান, উদ্ধার করা ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় ৫৪ লাখ ২০ হাজার টাকা। এ ছাড়া, মাদক পরিবহনে ব্যবহৃত নোহা গাড়িটিও জব্দ করা হয়।

তিনি আরও জানান, আটক ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য উদ্ধার করা মাদকদ্রব্য ও জব্দ করা আলামতসহ তাকে হাটহাজারী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।