রবিবার, ২১ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
৭ আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
৫ মহর্‌রম, ১৪৪৮ হিজরি

১৬ ডিসেম্বর থার্ড টার্মিনাল উদ্বোধনের লক্ষ্য সরকারের

নিজস্ব প্রতিবেদক : হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনালের বাকি কাজ নির্ধারিত সময়ের মধ্যে শেষ করতে জাপানের সহযোগিতা চেয়েছে বাংলাদেশ। আগামী ১৬ ডিসেম্বর টার্মিনালটি উদ্বোধনের বিষয়ে সরকারের নীতিগত সিদ্ধান্ত এখনো বহাল রয়েছে বলে জানিয়েছেন বিমান প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত।

শনিবার (২০ জুন) পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে বৈঠক করেন বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত সাইদা শিনিচি। বৈঠকে উপস্থিত ছিলেন বিমান প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত।

বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন প্রতিমন্ত্রী।

তিনি বলেন, জাপানি রাষ্ট্রদূতের সঙ্গে আলোচনায় থার্ড টার্মিনাল উদ্বোধনের বিষয়টি অন্যতম প্রধান ইস্যু ছিল।
আমরা চাই আগামী ১৬ ডিসেম্বর এটি উদ্বোধন করতে। জাপানের বিমান অবকাঠামো বিষয়ক মন্ত্রীও সম্প্রতি ঢাকা সফর করেছেন।
সেসময় সুমিতোমো করপোরেশনের সঙ্গে আলোচনা শেষে ওই তারিখে উদ্বোধনের বিষয়ে সমঝোতা হয়েছে।

প্রতিমন্ত্রী জানান, প্রকল্পের অন্যতম অংশীদার জাপানের সুমিতোমো করপোরেশনকে নির্ধারিত সময়ের মধ্যে অবশিষ্ট কাজ শেষ করার অনুরোধ জানানো হয়েছে।

তিনি বলেন, আমরা জাপানি রাষ্ট্রদূতকে অনুরোধ করেছি, তিনি যেন সুমিতোমো করপোরেশনকে নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ করতে প্রয়োজনীয় সহযোগিতা করেন।

রিকোয়েস্ট ফর প্রপোজাল (আরএফপি) প্রক্রিয়া শুরু হয়েছে জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, চুক্তি স্বাক্ষরের জন্য প্রয়োজনীয় নথি জমা দেওয়ার সময়সীমা আগামী ১৯ জুলাই নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে সংশ্লিষ্ট পক্ষ সম্মতি দিলে নিপ্পন কোইয়ের মাধ্যমে ওআরএটি প্রক্রিয়া শুরু করা সম্ভব হবে।