রবিবার, ২১ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
৭ আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
৫ মহর্‌রম, ১৪৪৮ হিজরি

খাগড়াছড়িতে সেনাবাহিনীর উদ্যোগে কৃষকদের হাতে-কলমে কম্পোস্ট সার প্রস্তুতকরণ প্রশিক্ষণ

খাগড়াছড়ি প্রতিনিধি : খাগড়াছড়ি রিজিয়নের আওতাধীন খাগড়াছড়ি জোনের তত্ত্বাবধানে পানছড়ি সাবজোন উদ্যোগে পানছড়ি উপজেলার চৌধুরীপাড়া এলাকায় কৃষি খামারিদের জন্য হাতে-কলমে বিভিন্ন ধরনের কম্পোস্ট সার প্রস্তুতকরণ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে|
শনিবার(২০ জুন) দিনব্যাপী পানছড়ি উপজেলা উপ-সহকারী কৃষি কর্মকর্তা অরুণাঙ্কর-এর সভাপতিত্বে আয়োজিত এ কর্মশালায় কৃষকদের জৈব সার উৎপাদনের আধুনিক ও পরিবেশবান্ধব পদ্ধতি সম্পর্কে তাত্ত্বিক ও ব্যবহারিক প্রশিক্ষণ দেওয়া হয়| প্রশিক্ষণটি দুই ধাপে সম্পন্ন হয়| প্রথম ধাপে অংশগ্রহণকারীদের কম্পোস্ট সার তৈরিতে প্রয়োজনীয় উপকরণ—গবাদি পশুর গোবর, শুকনো পাতা, খড় ও ফসলের অবশিষ্টাংশ, রান্নাঘরের সবজি ও ফলের খোসা, কাঠের গুঁড়া, মাটি, পানি, ইউরিয়া ও টিএসপি—সম্পর্কে বিস্তারিত ধারণা দেওয়া হয়| দ্বিতীয় ধাপে প্রশিক্ষণার্থীদের হাতে-কলমে কম্পোস্ট সার তৈরির সম্পূর্ণ প্রক্রিয়া প্রদর্শন ও অনুশীলনের সুযোগ করে দেওয়া হয়|
এ কর্মশালায় পানছড়ি সদর ইউনিয়ন চেয়ারম্যান উচিৎ মনি চাকমা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং চৌধুরীপাড়া, ইটাখোলা ও পাইলট ফার্ম এলাকার প্রায় ৬৫ থেকে ৭০ জন নারী-পুরুষ কৃষি খামারি অংশগ্রহণ করেন|
প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারী কৃষকরা জানান, এ প্রশিক্ষণের মাধ্যমে তারা সহজেই গৃহস্থালির জৈব বর্জ্য ব্যবহার করে নিজস্ব প্রয়োজনীয় কম্পোস্ট সার উৎপাদন করতে পারবেন| এতে একদিকে রাসায়নিক সারের ওপর নির্ভরতা কমবে, অন্যদিকে উৎপাদন খরচ হ্রাস পেয়ে তাদের আর্থ-সামাজিক অবস্থার উন্নয়ন ঘটবে বলে তারা আশা প্রকাশ করেন|
খাগড়াছড়ি জোন সূত্রে জানা যায়, এ ধরনের কম্পোস্ট সার প্রস্তুতকরণ প্রশিক্ষণ পর্যায়ক্রমে জোনের আওতাধীন প্রতিটি পাড়ায় আয়োজন করা হবে| এর ফলে স্থানীয় কৃষক, আঙিনা বাগানচাষি এবং বিভিন্ন ফসল উৎপাদনকারী পরিবার সরাসরি উপকৃত হবে| পাশাপাশি গৃহস্থালির জৈব বর্জ্যের সঠিক ব্যবস্থাপনা নিশ্চিত হওয়ার মাধ্যমে পরিবেশ সংরক্ষণেও ইতিবাচক ভূমিকা রাখবে এ উদ্যোগ|