খাগড়াছড়ি প্রতিনিধি : খাগাড়ছড়ির মাটিরাঙ্গায় বাড়ির আঙ্গিনায় থাকা শুকনো নারিকেল গাছ ভেঙে পড়ে স্বপ্না সাহা (৫০) নামে এক গৃহিণী মৃত্যবরণ করেছেন| শনিবার বিকাল সোয়া ৫টার দিকে মাটিরাঙ্গা পৌরসভার ৭নং ওয়ার্ডের বলিটিলা এলাকায় এ ঘটনা ঘটে|
নিহত স্বপ্না সাহা মাটিরাঙ্গা বাজারের ব্যবসায়ী ননী সাহার স্ত্রী| মৃত্যকালে তিনি স্বামী, দুই ছেলে ও এক মেয়েসহ অসংখ্য শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন|
পারিবারিক সুত্রে জানা গিয়েছে, শনিবার বিকালের দিকে বাড়ির উঠানে আমস্বত্ব শুকানোর জন্য যান গৃহকর্ত্রী স্বপ্না সাহা| এসময় কোন কিছু বুঝে ওঠার আগেই বাড়ির উঠানে থাকা নারিকেল গাছ ভেঙে পড়ে তার শরীরের ওপরে| ঘটনার পরপরই তাকে উদ্ধার করে মাটিরাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন|
এদিকে নারিকেল গাছ ভেঙে পড়ে গৃহিণীর মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান মাটিরাঙ্গা পৌর বিএনপির সভাপতি মো. শাহজালাল কাজল, সিনিয়র সহসভাপতি নারায়ন ত্রিপুরা ও সনাতন সমাজ কল্যাণ পরিষদের সভাপতি স্বপন কান্তি পালসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ| এসময় নিহতের পরিবারের সদস্যদের সমবেদনা জানান মাটিরাঙ্গা পৌর বিএনপির সভাপতি মো. শাহজালাল কাজল|
মাটিরাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. মিল্টন ত্রিপুরা বলেন, তাকে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে|
মাটিরাঙ্গা থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শাহেদ উদ্দিন বলেন, নারিকেল গাছ ভেঙে পড়ে গৃহিণীর মৃত্যুর বিষয়টি শুনেছি| তবে এবিষয়ে কেউ কোন অভিযোগ করেনি|