মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
৯ আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
৭ মহর্‌রম, ১৪৪৮ হিজরি

মালয়েশিয়া সফর শেষে চীনের পথে প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক : মালয়েশিয়ায় দুই দিনের সফল সরকারি সফর শেষে চীনের দালিয়ানের উদ্দেশে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (২২ জুন) স্থানীয় সময় বিকেল ৫টায় কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাংলাদেশ বিমানের একটি বিশেষ ফ্লাইটে তিনি দালিয়ানের উদ্দেশ্যে যাত্রা করেন। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর এটিই তার প্রথম বিদেশ সফর।

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এই সফরের তথ্য নিশ্চিত করে জানিয়েছেন, মালয়েশিয়া থেকে রওনা হয়ে প্রধানমন্ত্রী চীনের দালিয়ানে পৌঁছাবেন এবং সেখানে দুই দিন কর্মব্যস্ত সময় কাটাবেন।

দালিয়ানে অবস্থানকালে প্রধানমন্ত্রী বিশ্ব অর্থনৈতিক ফোরামের মর্যাদাপূর্ণ বার্ষিক সম্মেলনে যোগ দেবেন। এরপর তিনি চীনের রাজধানী বেইজিংয়ে যাবেন। সেখানে তার এই সরকারি সফরের মূল ও দ্বিপাক্ষিক কর্মসূচিগুলো শুরু হবে।

কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরের বুঙ্গা রায় কমপ্লেক্সের এক্সক্লুসিভ ভিআইপি টার্মিনালে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে উষ্ণ ও আনুষ্ঠানিক বিদায় জানান মালয়েশিয়ার ধর্মমন্ত্রী জুলফিকলি হাসান ও তার সহধর্মিণী। বিদায়লগ্নে মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মনজুরুল করিম ও ডেপুটি হাইকমিশনার শাহানারা মনিকা বিমানবন্দরে উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, দুই দিনের সরকারি সফরে গতকাল মালয়েশিয়া যান প্রধানমন্ত্রী তারেক রহমান। স্বল্পসময়ের এই ঐতিহাসিক সফরে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে বাংলাদেশের প্রধানমন্ত্রীর এক দ্বিপাক্ষিক ও দীর্ঘ বৈঠক অনুষ্ঠিত হয়, যা দুই দেশের সম্পর্ক উন্নয়নে অত্যন্ত ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।