টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি : গাজীপুরের টঙ্গীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্য, অপতৎপরতা, নাশকতা, অপপ্রচার ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মিছিল ও মোটরসাইকেল মহড়া দিয়েছে বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক ও ছাত্রদলের নেতাকর্মীরা।
এসময় নেতাকর্মীরা বিভিন্ন স্লোগানে স্লোগানে টঙ্গীর ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক উত্তাল করে তুলেন।
মঙ্গলবার দুপুরে বিএনপি নেতা আব্দুর রহিম খান কালা ও রাশেদুল ইসলাম কিরনের নেতৃত্বে বাটাগেট থেকে বিক্ষোভ মিছিল, সরকার শাহনূর ইসলাম রনির নেতৃত্বে টঙ্গী স্টেশন রোড এলাকা, টঙ্গী পশ্চিম থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আবু বকর সিদ্দিকের নেতৃত্বে এশিয়া পেট্রোল পাম্প এলাকা থেকে মোটরসাইকেল মহড়া বের করেন। এদিকে একই সময় টঙ্গী পশ্চিম থানা যুবদলের সভাপতি শেখ মোহাম্মদ সুমন ও সাধারণ সম্পাদক আজিজুর রহমান টিপু নেতৃত্বে কলেজগেট এবং টঙ্গী পূর্ব থানা যুবদলের সভাপতি আকবর হোসেন ফারুক, সাধারণ সম্পাদক নাজমুল হোসেন মন্ডল ও বেনজির রহমান পিন্টুর নেতৃত্বে টঙ্গীবাজার থেকে পৃথক দুটি বিক্ষোভ মিছিল বের করা হয়।
এছাড়াও টঙ্গী পশ্চিম থানা ছাত্রদলের সাবেক আহ্বায়ক রেদোয়ানুর রহমান প্রত্যয় বেপারীর নেতৃত্বে ছাত্রদলের নেতাকর্মীরা আওয়ামী লীগের নৈরাজ্য ঠেকাতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অবস্থান কর্মসূচি পালন করেন।
মোটরসাইকেল মহড়া ও মিছিলটি ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের টঙ্গীবাজার, আনারকলি রোড, বাটাগেট, স্টেশনরোড, মিলগেট, চেরাগআলী, কলেজগেট, হোসেন মার্কেট, এরশাদনগর, গাজীপুরা, খাঁ-পাড়া এশিয়া পেট্রোল পাম্প, সফিউদ্দিন সরকার একাডেমী রোডসহ টঙ্গীর বিভিন্ন গুরুত্বপূর্ণস্থান প্রদক্ষিণ করে পৃথক পৃথকস্থানে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।
এসময় বক্তারা বলেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ বিভিন্ন ধরণের অপপ্রচার ও ষড়যন্ত্র করে দেশকে অস্থিতিশীল করে তুলছে। এসব সন্ত্রাসীরা দেশে নৈরাজ্য ও নাশকতার অপতৎপরতা চালাচ্ছে। তাদেরকে শক্ত হাতে প্রতিহত করতে বিএনপি ও অঙ্গ-সহযোগি সংগঠনের নেতাকর্মীরা রাজপথে নেমে এসেছে।