নিজস্ব প্রতিবেদক : ফিটনেস অনুপযোগী, ঝুঁকিপূর্ণ, ক্ষতিগ্রস্ত ও পরিবেশ দূষণকারী মোটরযান সড়ক ও মহাসড়কে চালানো যাবে না বলে জানিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। বুধবার (২৪ জুন) প্রকাশিত বিআরটিএর এক জরুরি বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বিআরটিএ জানায়, সড়ক পরিবহন আইন, ২০১৮-এর ধারা ২৫(১) অনুযায়ী হালনাগাদ ফিটনেস সনদ ছাড়া কোনো মোটরযান সড়ক বা মহাসড়কে চালানো আইনত নিষিদ্ধ। একই আইনের ধারা ৭৫ অনুযায়ী এ ধরনের যান চলাচল শাস্তিযোগ্য অপরাধ।
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, রংচটা, জরাজীর্ণ, বিবর্ণ বা পরিবেশ দূষণকারী যানবাহনও সড়কে চালানো যাবে না। এ ধরনের যান চলাচল বন্ধে সংশ্লিষ্ট মালিক ও চালকদের নির্দেশনা মেনে চলার অনুরোধ জানানো হয়েছে।
এ অবস্থায় হালনাগাদ ফিটনেস সনদ ছাড়া কোনো মোটরযান সড়ক-মহাসড়কে না চালানোর জন্য সবাইকে অনুরোধ জানিয়েছে বিআরটিএ। অন্যথায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও সতর্ক করা হয়েছে।