শুক্রবার, ২৬ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
১২ আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
১০ মহর্‌রম, ১৪৪৮ হিজরি

ময়মনসিংহে বিজয় এক্সপ্রেসের লাইনচ্যুত তিন বগি উদ্ধার

ময়মনসিংহ প্রতিনিধি : ময়মনসিংহের গৌরীপুর রেলওয়ে জংশন স্টেশন এলাকায় চট্টগ্রামগামী আন্ত:নগর বিজয় এক্সপ্রেস ট্রেনের লাইনচ্যুত তিনটি বগিই উদ্ধার করা হয়েছে। বর্তমানে ঘটনাস্থলে রেললাইন মেরামতের কাজ চলছে।

বৃহস্পতিবার (২৫ জুন) সকাল সাড়ে ১০টার দিকে শেষ বগিটিও উদ্ধার হয় বলে জানিয়েছেন ময়মনসিংহ স্টেশনের আরএনবির হাবিলদার গোলাম মওলা।

তিনি বলেন, কম্পিউটারভিত্তিক রিলে ইন্টারলকিং সিস্টেমের ত্রুটির কারণে লাইন ক্লিয়ার না হওয়ায় বুধবার এ দুর্ঘটনা ঘটে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
রিলিফ ট্রেন ও উদ্ধারকারী দল রাতভর উদ্ধার অভিযান চালিয়েছে। বর্তমানে লাইনচ্যুত তিনটি বগিই উদ্ধার করা হয়েছে এবং ট্রেন চলাচল স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

ময়মনসিংহ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আকতার হোসেন বলেন, উদ্ধারকারী দল সফলভাবে তিনটি বগিই উদ্ধার করেছে। এখন রেললাইন মেরামতের কাজ চলছে।
মেরামত শেষে সংশ্লিষ্ট রুটে চলাচল স্বাভাবিক হবে।

রেলওয়ে সূত্র জানায়, দুর্ঘটনাকবলিত স্থানে দ্রুত লাইন মেরামত ও নিরাপত্তা নিশ্চিত করতে প্রকৌশল বিভাগের কর্মীরা কাজ করছেন। যত দ্রুত সম্ভব পুরো রেলপথ সম্পূর্ণ ঝুঁকিমুক্ত করা হবে।