শুক্রবার, ২৬ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
১২ আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
১০ মহর্‌রম, ১৪৪৮ হিজরি

পূবাইলে শিশুকে টাকার লোভ দেখিয়ে ধর্ষণচেষ্টা: অভিযুক্ত গ্রেপ্তার

গাজীপুর (পূবাইল) প্রতিনিধি : গাজীপুর মহানগরীর পূবাইল থানার ৩৯ নং ওয়ার্ডের হায়দরাবাদ (পূবেরটেক) এলাকায় ১০ বছর বয়সী এক শিশুকে যৌন নিপীড়ন ও ধর্ষণচেষ্টার অভিযোগে মো. মামুন (৩৯) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পূবাইল থানা পুলিশ।

বৃহস্পতিবার (২৫ জুন) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন পূবাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) আতিকুর রহমান।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কয়েকদিন আগে শিশুটি বাড়ির বাইরে একা ছিল। সেই সুযোগে অভিযুক্ত মামুন তাকে টাকার লোভ দেখিয়ে অপ্রীতিকর প্রস্তাব দেয়। শিশুটি রাজি না হয়ে দ্রুত বাড়ির দিকে ছুটে গেলে অভিযুক্ত তাকে পেছন থেকে জাপটে ধরে এবং তার দেহের স্পর্শকাতর স্থানে হাত দিয়ে যৌন হয়রানির চেষ্টা করে বলে অভিযোগ উঠেছে।

ঘটনার পর শিশুটি পরিবারের সদস্যদের জানালে এলাকায় চাঞ্চল্য তৈরি হয়। স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা হায়দরাবাদ চৌরাস্তা এলাকায় অভিযুক্তকে ডেকে জিজ্ঞাসাবাদ করলে তিনি ঘটনার সত্যতা স্বীকার করেন। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে হেফাজতে নেয়।

শিশুটির মা পূবাইল থানায় লিখিত অভিযোগ দায়ের করলে পুলিশ নারী ও শিশু নির্যাতন দমন আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু করে।

ওসি আতিকুর রহমান জানান, গ্রেপ্তারকৃত আসামিকে থানায় হেফাজতে রাখা হয়েছে এবং শুক্রবার আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে। মামলার পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।