খাগড়াছড়ি প্রতিনিধি : খাগড়াছড়িতে নারী ও শিশু নির্যাতন এবং বাল্যবিবাহ প্রতিরোধ সচেতনতা সপ্তাহ উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে|
বুধবার (১ জুলাই) সকালে জেলা প্রশাসনের সহযোগিতায় ও মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালকের কার্যালয়ের আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভায় মিলিত হয়|
অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট হাসান মারুফের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, জেলা প্রশাসক মো. আনোয়ার সাদাত|
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, নারী ও শিশুর প্রতি সব ধরনের সহিংসতা প্রতিরোধ এবং বাল্যবিবাহ রোধে সামাজিক সচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি| পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, স্থানীয় প্রশাসন এবং সমাজের সকল শ্রেণি-পেশার মানুষের সম্মিলিত উদ্যোগের মাধ্যমে নারী ও শিশু নির্যাতন এবং বাল্যবিবাহমুক্ত সমাজ গড়ে তোলা সম্ভব| তিনি শিক্ষার্থীদের সচেতন হওয়ার পাশাপাশি অন্যদেরও সচেতন করতে এগিয়ে আসার আহ্বান জানান|
এ সময় উপস্থিত ছিলেন, খাগড়াছড়ি পৌর প্রশাসক রুমানা আক্তার, অতিরিক্ত পুলিশ সুপার কামরুল হাসান, মহিলা বিষয়ক অধিদপ্তর উপ-পরিচালক সুষ্মিতা খীসা, নারী নেত্রী নমিতা চাকমা, জাবারাং নারী কল্যাণ সমিতির কর্মী পিংকি বড়ুয়াসহ বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধি, অভিভাবক, শিক্ষক এবং স্কুল-কলেজের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন|