খাগড়াছড়ি প্রতিনিধি : খাগড়াছড়িতে তৃতীয় দিনে বর্ষণ অব্যাহত রয়েছে। রাত থেকে জেলা সদর, মাটিরাঙা, পানছড়ি, রামগড়সহ বিভিন্ন উপজেলায় বৃষ্টি হয়েছে। তবে এখন পর্যন্ত কোথাও পাহাড় ধসের ঘটনা ঘটেনি। এদিকে পাহাড়ি ঢলে চেঙ্গী নদীর পানি বেড়ে জেলা সদরে নীচের বাজার, মুসলিম পাড়াসহ নীচু এলাকায় পানি বাড়তে শুরু করেছে। এছাড়া মাইনী নদীর পানি বেড়ে দীঘিনালার নিচু এলাকা প্লাবিত হওযার শঙ্কা তৈরি হয়েছে।
এছাড়া জেলা শহরে কলাবাগান, নেন্সিবাজার, মোল্লাাপাড়া, কৈবল্যপিঠ, আঠার পরিবার, শালবন ও মোহাম্মদপুরসহ জেলার বিভিন্ন এলাকায় পাহাড়ের ঢালে ঢালে জীবনের ঝুঁকি নিয়ে বাস করছে শত শত পরিবার। টানা বৃষ্টি অব্যাহত থাকায় পাহাড়ের পাদদেশে বসবাসকারীদের নিরাপদে সরে আসার আহ্বান জানিয়েছে প্রশাসন।