টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি : গাজীপুরের টঙ্গী দাঁড়াইল এলাকায় জমি-সংক্রান্ত বিরোধের জেরে একটি সংখ্যালঘু পরিবারের বাড়িতে হামলা, ভাঙচুর ও মারধরের ঘটনা ঘটেছে। এঘটনায় জড়িত তিনজনকে গ্রেপ্তার করেছে টঙ্গী পশ্চিম থানা পুলিশ।
মঙ্গলবার ভোররাতে টঙ্গীর দাঁড়াইল এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন- টঙ্গী পশ্চিম থানা তাঁতীদলের সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন খোকন(৪৫), আশরাফুল ইসলাম অন্তর(২৫) ও মো: হোসেন বাদশা (২২)।
ভুক্তভোগী নির্মোহন মন্ডল জানান, দাঁড়াইল এলাকায় দীর্ঘদিন ধরে তারা প্রায় ৪০ শতাংশ জমি ভোগদখল করে আসছিলেন। ওই জমির ১৬ শতাংশ জাল দলিলের মাধ্যমে বিক্রি করা হয়েছে বলে অভিযোগ তুলে তারা আদালতে মামলা করেন, যা বর্তমানে বিচারাধীন। মামলার পর থেকেই জমি ছেড়ে দেওয়ার জন্য তাঁতীদল নেতা খোকনের লোকজন বিভিন্নভাবে সংখ্যালঘু পরিবারটিকে চাপ ও হুমকি দিয়ে আসছিল। একপর্যায়ে সোমবার রাত ৮টার দিকে খোকনের নেতৃত্বে ৩০/৪০ জনের একটি সন্ত্রাসী বাহিনী দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে নির্মোহনের বাড়িতে হামলা চালায়। এসময় তারা গ্রেন্ডিং ও ড্রিল মেশিন দিয়ে বাড়ির গেট ভেঙ্গে ভেতরে প্রবেশ করে ভাঙচুর ও বাড়ির লোকজনকে মারধর করে।
এতে বাড়ির মালিক নির্মোহন মন্ডল (৪৬), তার স্ত্রী বৃষ্টি মন্ডল (৪০), ছেলে বিজয় মন্ডল (১৪), ভাতিজি চায়নাসহ (২২) ১০জন আহত হন। আহতদের হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে।
ঘটনার খবর পেয়ে টঙ্গী পশ্চিম থানা পুলিশের একটি দল রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেন। পরে রাতভর অভিযান চালিয়ে মঙ্গলবার ভোররাতে তাঁতীদল নেতা খোকন, অন্তর ও বাদশাকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়। থানায় সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের শেষে মঙ্গলবার বিকেলে তাদেরকে গাজীপুর আদালতে পাঠানো হয়েছে।
এব্যাপার টঙ্গী পশ্চিম থানার ওসি মো. আরিফুর রহমান বলেন, সংখ্যালঘু পরিবারের বাড়িঘরে হামলা-ভাঙচুরের ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে গাজীপুর বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।