বুধবার, ৮ জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
২৪ আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
২২ মহর্‌রম, ১৪৪৮ হিজরি

বৈরী আবহাওয়া : চট্টগ্রাম ও রাঙামাটি জেলায় বুধবারের এইচএসসি পরীক্ষা স্থগিত

মুক্তবাণী রিপোর্ট : দেশে চলমান বৈরী আবহাওয়া ও বন্যা পরিস্থিতির কারণে আগামীকাল বুধবার (৮ জুলাই) এইচএসসি ও সমমানের পরীক্ষা আংশিক স্থগিত করা হয়েছে। বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির এক জরুরি বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্ত জানানো হয়েছে।

মঙ্গলবার (৭ জুলাই) মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকার চেয়ারম্যান এবং আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি প্রফেসর সৈয়দ আমিরুজ্জামান স্বাক্ষরিত এক পত্রে এই আদেশ জারি করা হয়। সংশ্লিষ্ট জেলা ও উপজেলার শিক্ষা কর্মকর্তাদের এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বন্যা পরিস্থিতি বিবেচনায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডের আওতাধীন চট্টগ্রাম ও রাঙামাটি জেলার আগামীকাল বুধবারের এইচএসসি/আলিম/এইচএসসি(বিএমটি), এইচএসসি (ভোকেশনাল) ও ডিপ্লোমা ইন কমার্স পরীক্ষা ২০২৬ স্থগিত করা হলো।

তবে দেশের অন্যান্য সকল শিক্ষা বোর্ড এবং চট্টগ্রাম শিক্ষা বোর্ডের আওতাধীন কক্সবাজার, বান্দরবান ও খাগড়াছড়ি জেলার উক্ত তারিখের পরীক্ষা যথারীতি অনুষ্ঠিত হবে। স্থগিত হওয়া পরীক্ষার নতুন সময়সূচি পরবর্তীতে পরীক্ষার্থীদের জানিয়ে দেওয়া হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।