চট্টগ্রাম প্রতিনিধি : প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় সরকার, প্রশাসন ও সাধারণ মানুষসহ সবাইকে সম্মিলিতভাবে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর হেলাল উদ্দিন।
বুধবার বিকেলে চট্টগ্রাম নগরের বায়েজিদ বাংলাবাজার ব্যাংক কলোনি এলাকায় ঝুঁকিপূর্ণ পাহাড় পরিদর্শনকালে তিনি এ আহ্বান জানান।
ভূমি প্রতিমন্ত্রী বলেন, প্রাকৃতিক দুর্যোগে জানমালের ক্ষতি এড়াতে সচেতনতার কোনো বিকল্প নেই। ঝুঁকিপূর্ণ পাহাড়ে বসবাসকারীদের নিরাপদ স্থানে সরিয়ে নিতে প্রশাসনের পাশাপাশি স্থানীয় জনপ্রতিনিধি ও সচেতন নাগরিকদেরও দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে।
তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী ইতোমধ্যে তিন পার্বত্য জেলার জন্য ১ হাজার ৩০০ মেট্রিক টন চাল বরাদ্দ দিয়েছেন। চট্টগ্রাম সিটি করপোরেশন ও জেলা প্রশাসনের উদ্যোগে বিভিন্ন স্থানে আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে। সেখানে যারা আশ্রয় নেবেন, তাদের জন্য খাবারসহ প্রয়োজনীয় সব ধরনের সহায়তা প্রধানমন্ত্রীর নির্দেশনায় নিশ্চিত করা হবে।
তিনি বলেন, দুর্যোগের সময় সবাইকে মানবিক দৃষ্টিভঙ্গি নিয়ে একে অপরের পাশে দাঁড়াতে হবে। মানুষের জীবন রক্ষাই সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার।
এ সময় চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন উপস্থিত ছিলেন।