শুক্রবার, ১০ জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
২৬ আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
২৪ মহর্‌রম, ১৪৪৮ হিজরি

লামায় পাহাড়ধসে একই পরিবারের তিনজনসহ নিহত ৫

বান্দরবান প্রতিনিধি : বান্দরবানের লামা উপজেলায় পৃথক দুটি পাহাড় ধসের ঘটনায় পাঁচজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে এক পরিবারের তিনজন রয়েছেন। অপর ঘটনায় প্রাণ হারিয়েছেন এক দম্পতি।

আজ বৃহস্পতিবার ভোরে উপজেলার আজিজনগর ইউনিয়নের মিশনপাড়া (পাগলির ঝিরি) এলাকায় এ দুটি দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- আজিজনগর এলাকার বাসিন্দা মো. ইউনুস, তার স্ত্রী রানু আক্তার এবং তাদের পাঁচ বছর বয়সী ছেলে মো. সোলেমান। অন্য ঘটনায় নিহত হয়েছেন মো. জুয়েল ও তার স্ত্রী কুলছুমা আক্তার।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ভোরে পাহাড় ধসের পর ক্ষতিগ্রস্ত এলাকা থেকে চিৎকার শুনে স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে যান। পরে ফায়ার সার্ভিস ও পুলিশ যৌথভাবে উদ্ধার অভিযান চালিয়ে পাঁচজনের লাশ উদ্ধার করে।

বান্দরবানের পুলিশ সুপার মো. ওহাবুল ইসলাম খন্দকার জানান, একই এলাকায় পৃথক দুটি পাহাড় ধসের ঘটনায় শিশুসহ পাঁচজনের মৃত্যু হয়েছে। লাশগুলো উদ্ধার করা হয়েছে এবং এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

এদিকে টানা বর্ষণে লামাসহ বান্দরবানের বিভিন্ন এলাকায় পাহাড় ধসের ঝুঁকি আরও বেড়েছে। নতুন নতুন এলাকা প্লাবিত হওয়ায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে এবং সড়ক যোগাযোগ ব্যাহত হচ্ছে। প্রশাসনের পক্ষ থেকে ঝুঁকিপূর্ণ এলাকার বাসিন্দাদের নিরাপদ আশ্রয়কেন্দ্রে সরে যাওয়ার আহ্বান জানানো হলেও অনেকেই এখনও সেখানে যেতে অনাগ্রহী।