শুক্রবার, ১০ জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
২৬ আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
২৪ মহর্‌রম, ১৪৪৮ হিজরি

খাগড়াছড়ির দীঘিনালায় বন্যায় ৮ হাজার মানুষ পানি বন্দি, সরকারি প্রাথমিক বিদ্যালয় বন্ধ ঘোষণা

খাগড়াছড়ি প্রতিনিধি : খাগড়াছড়ি জেলা সদরে বন্যা পরিস্থিতি কিছুটা উন্নতি হলেও দীঘিনালার বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে| অতি বৃষ্টি ও দুর্যোগের কারণে জেলার সকল সরকারী প্রাথমিক বিদ্যালয় আজকের জন্য বন্ধ ঘোষনা করা হয়েছে| দীঘিনালায় ৮ হাজার মানুষ পানি বন্দি ও ৩ হাজার মানুষ আশ্রয় কেন্দ্রে অবস্থান করছে| বন্ধ রয়েছে সাজেক, লংগদু ও বাঘাইছড়ির সাথে খাগড়াছড়িসহ সারাদেশের সড়ক যোগাযোগ| মহালছড়ির বিভিন্ন স্থানে সড়ক তলিয়ে যাওয়ায় খাগড়াছড়ির সাথে রাঙামাটির সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে|দুর্গত এলাকায় বিশুদ্ধ পানির তীব্র সংকট দেখা দিয়েছে| সকালে বৃষ্টি থামলেও দুপুরে দিকে আবার বৃষ্টি শুরু হয়েছে| ফলে বন্যা পরিস্থিতি আরো অবনতি হওয়ার শংকা রয়েছে|
বন্যায় অন্তত এক হাজার হেক্টর জমির আমন বীজ তলা, আউশ ধানের চারা, সবজির ক্ষেত ও ফলবাগান ক্ষতিগ্রস্ত হয়েছে| কয়েক শত পুকুরের মাছ ভেসে গেছে| এদিকে জেলার বিভিন্ন স্থানে পাহাড় ধসের ঘটনা ঘটেছে|
দুর্গত এলাকায় ওয়াদুদ ভূইয়া এমপির পক্ষ থেকে দলীয় নেতাকর্মীরা ও প্রশাসনের পক্ষ থেকে রান্না করা ও শুকনো খাবার বিতরণ করা হচ্ছে|
খাগড়াছড়ি জেলা প্রশাসক মো: আনোয়ার সাদাত জানান, দুর্গত এলাকায় ত্রাণ তৎপরতা চালাতে জেলা প্রশাসনকে ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয় দুই’শ মেট্রিক টন চাল, ১০ লাখ টাকা ও জেলা পরিষদকে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় ৪শ মেট্রিক টন চাল বরাদ্দ দিয়েছে|