শনিবার, ১১ জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
২৭ আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
২৫ মহর্‌রম, ১৪৪৮ হিজরি

ওআইসির নারী সম্মেলনে যোগ দিতে পাকিস্তান গেলেন সমাজকল্যাণ মন্ত্রী

নিজস্ব প্রতিবেদক : অর্গানাইজেশন অব ইসলামিক কো-অপারেশনের (ওআইসি) নারীবিষয়ক সম্মেলনে অংশ নিতে পাকিস্তানের ইসলামাবাদ গেলেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন। তিনি এই সম্মেলনে বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন।

শুক্রবার (১০ জুলাই) দুপুরে তিনি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ওআইসিভুক্ত দেশের এই সম্মেলনের উদ্দেশে রওনা হন। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন।

শায়রুল কবির খান জানান, পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে ওআইসিভুক্ত ৫৭টি দেশের নারীদের ক্ষমতায়ন, অধিকার সুরক্ষা এবং আর্থ-সামাজিক উন্নয়ন নিয়ে এই নবম নারীবিষয়ক সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে।

সম্মেলনে অংশগ্রহণকারী দেশগুলোর প্রতিনিধিরা নারীর উন্নয়ন, শিক্ষা, কর্মসংস্থান, সামাজিক নিরাপত্তা, নেতৃত্বে নারীর অংশগ্রহণ এবং টেকসই উন্নয়নসহ বিভিন্ন বিষয়ে নিজেদের মধ্যে মতবিনিময় করবেন।

বাংলাদেশের পক্ষ থেকে সমাজকল্যাণ মন্ত্রী ডা. জাহিদ হোসেন দেশের নারী উন্নয়ন ও ক্ষমতায়নে সরকারের নেওয়া বিভিন্ন উদ্যোগ ও সাফল্যের চিত্র সম্মেলনে তুলে ধরবেন।