রবিবার, ১২ জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
২৮ আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
২৬ মহর্‌রম, ১৪৪৮ হিজরি

বান্দরবানের ঘুমধুম সীমান্তে মিয়ানমারের আট নাগরিক আটক

বান্দরবান প্রতিনিধি : বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্ত দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশের অভিযোগে মিয়ানমারের আট নাগরিককে আটক করেছে কক্সবাজার ব্যাটালিয়নের (৩৪ বিজিবি) রেজুপাড়া বিওপির টহল দল ও নাইক্ষ্যংছড়ি থানা পুলিশের যৌথ টহল দল।

শুক্রবার ভোর আনুমানিক সাড়ে ৪টায় উপজেলার সীমান্তবর্তী ঘুমধুম ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ৪১ নম্বর সীমান্ত পিলারসংলগ্ন গাছবুনিয়া এলাকা থেকে তাদের আটক করা হয়।
পরে সন্ধ্যায় আটকদের নাইক্ষ্যংছড়ি থানায় হস্তান্তর করা হয়েছে।

আটক ব্যক্তিরা হলেন-মিয়ানমারের মংবা তঞ্চঙ্গা (৩৪), মংম (২০), থিংছামংয়ের ছেলে কিংহ্লা থুয়াইং (২১), রুপার (১৯), থাইংছা মং (৪০), টুলি (২০), তানতানাইং (২০) ও মংতা নাইং (২০)।
তাদের সবার বাড়ি মিয়ানমারের মংডু জেলার ডেকিবুনিয়া থানাধীন বিভিন্ন এলাকায়।

বিজিবি সূত্র জানায়, আটকদের মধ্যে মংবা তঞ্চঙ্গা নামে একজন নিজেকে বাংলাদেশি দাবি করে একটি জাতীয় পরিচয়পত্র ও জন্মনিবন্ধন সনদ উপস্থাপন করেন।
তবে প্রাথমিক যাচাইয়ে ওই কাগজপত্রের সঙ্গে তার পরিচয়ের কোনো মিল পাওয়া যায়নি।

স্থানীয় বাসিন্দারা জানান, শুক্রবার দুপুরে রাখাইন রাজ্য থেকে আট ব্যক্তি সীমান্তের কাঁটাতারের বেড়া অতিক্রম করে ৪১ নম্বর সীমান্ত পিলারের কাছ দিয়ে বাংলাদেশে প্রবেশ করে।
পরে তারা গাছবুনিয়া এলাকায় আশ্রয় নেয়। স্থানীয়দের ভাষ্য, আটকরা রাখাইন রাজ্যের চলমান সংঘাত থেকে প্রাণ বাঁচাতে বাংলাদেশে পালিয়ে এসেছে বলে দাবি করেন। খবর পেয়ে রেজুপাড়া বিওপির বিজিবি সদস্যরা ঘটনাস্থলে গিয়ে তাদের আটক করেন।

কক্সবাজার ব্যাটালিয়নের (৩৪ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলম বিষয়টি নিশ্চিত করে জানান, আটক ব্যক্তিরা মিয়ানমারের নাগরিক। তবে তারা মিয়ানমারের কোনো বাহিনীর সদস্য কি না তা এই মুহূর্তে নিশ্চিত হওয়া যায়নি।

নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোজাম্মেল হক জানান, কক্সবাজার ৩৪ বিজিবি আটজনকে আমাদের কাছে হস্তান্তর করেছে। সীমান্ত দিয়ে অনুপ্রবেশের ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।