শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
১৬ শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
১৬ সফর, ১৪৪৮ হিজরি

কাতারের সাবেক আমিরের রুহের মাগফেরাত কামনায় সংসদ সচিবালয়ে দোয়া মাহফিল

নিজস্ব প্রতিবেদক : কাতারের সাবেক আমির শেখ হামাদ বিন খলিফা আল থানির রুহের মাগফেরাত কামনায় জাতীয় সংসদ সচিবালয় মসজিদে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এতে অংশ নেন বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।

বুধবার (১৫ জুলাই) বাদ জোহর জাতীয় সংসদ সচিবালয় মসজিদে এ দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।

পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়।
দোয়া ও মোনাজাতে কাতারের সাবেক আমির শেখ হামাদ বিন খলিফা আল থানির রুহের মাগফেরাত কামনার পাশাপাশি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া, বীর মুক্তিযোদ্ধা এবং জুলাইযোদ্ধাসহ বিভিন্ন সময়ে দেশের গণতান্ত্রিক আন্দোলনে জীবন উৎসর্গকারী ব্যক্তিদের রুহের মাগফেরাত কামনা করা হয়।

এ সময় দেশ ও জাতির সার্বিক শান্তি, অগ্রগতি, সমৃদ্ধি ও কল্যাণ, জাতীয় সংসদের কার্যক্রমের সফলতা এবং মুসলিম উম্মাহর শান্তি, ঐক্য ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

জাতীয় সংসদ সচিবালয় মসজিদের সিনিয়র ইমাম মো. আবু রায়হান দোয়া ও মোনাজাত পরিচালনা করেন।

মিলাদ মাহফিলে সংসদ সদস্যরা, জাতীয় সংসদ সচিবালয়ের সচিবসহ কর্মকর্তা-কর্মচারীরা এবং অন্যান্য গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।