শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
১৬ শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
১৬ সফর, ১৪৪৮ হিজরি

ইউএস–বাংলার বিমানে আকাশেও থাকবে ইন্টারনেট, মিলবে বিনা মূল্যে

নিজস্ব প্রতিবেদক : দেশের অন্যতম বেসরকারি বিমান সংস্থা ইউএস–বাংলা এয়ারলাইনস আগামীতে চলন্ত বিমানে যাত্রীদের জন্য বিনা মূল্যে ইন্টারনেট, ওয়্যারলেস স্ট্রিমিং এবং প্রতিটি আসনে মোবাইল চার্জিং সুবিধা চালু করতে যাচ্ছে।

রোববার রাতে কক্সবাজারের একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে ইউএস–বাংলা এয়ারলাইনসের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন এসব পরিকল্পনার কথা জানান।

তিনি বলেন, ২০২৭ সালে বহরে যুক্ত হওয়া নতুন উড়োজাহাজে এসব সেবা চালুর পাশাপাশি একই বছরের ডিসেম্বরের মধ্যে বিশ্বের ২০টি দেশের ৩০টি গন্তব্যে ফ্লাইট পরিচালনার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

আবদুল্লাহ আল মামুন বলেন, ২০২৭ সালের জানুয়ারি থেকে ডিসেম্বরের মধ্যে ধাপে ধাপে ইউএস–বাংলার বহরে ২১টি একেবারে নতুন (ব্র্যান্ড নিউ) উড়োজাহাজ যুক্ত হবে। এসব উড়োজাহাজে ওয়্যারলেস স্ট্রিমিং, আকাশে ইন্টারনেট ব্যবহার এবং প্রতিটি আসনে মোবাইল চার্জিং সুবিধা থাকবে। অনেক আন্তর্জাতিক এয়ারলাইনস এসব সেবার জন্য অতিরিক্ত অর্থ নিলেও ইউএস–বাংলা যাত্রীদের বিনা মূল্যে ইন্টারনেট ব্যবহারের সুযোগ দিতে চায়।

তিনি বলেন, বর্তমানে ইউএস–বাংলার বহরের উড়োজাহাজগুলোর গড় বয়স ১০ বছর, যা বিশ্বের শীর্ষস্থানীয় কয়েকটি এয়ারলাইনসের বহরের গড় বয়সের সমপর্যায়ের। বাংলাদেশি যাত্রীদের মধ্যে স্থানীয় এয়ারলাইনসের উড়োজাহাজ পুরোনো—এমন ধারণা বদলে দিতে চায় প্রতিষ্ঠানটি।

তিনি জানান, বর্তমানে ইউএস–বাংলা দেশের ছয়টি অভ্যন্তরীণ রুট এবং ১০টি দেশের ১৪টি আন্তর্জাতিক গন্তব্যে ফ্লাইট পরিচালনা করছে। ২০২৭ সালের ডিসেম্বরের মধ্যে এ নেটওয়ার্ক ২০টি দেশের ৩০টি গন্তব্যে সম্প্রসারণের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

আবদুল্লাহ আল মামুন বলেন, আগামী সেপ্টেম্বরে নেপালে আবার ফ্লাইট চালু করা হবে। এ ছাড়া বেঙ্গালুরুতে ফ্লাইট চালুর পরিকল্পনা রয়েছে। আগামী বছর ব্রুনাই, দক্ষিণ কোরিয়া ও জাপানেও ফ্লাইট পরিচালনা করতে চায় ইউএস–বাংলা।

সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, আগামী ২৯ জুলাই ঢাকার একটি হোটেলে বোয়িংয়ের ভাইস প্রেসিডেন্টের উপস্থিতিতে একটি অনুষ্ঠানের আয়োজন করা হবে। এরপর ২০২৭ সালের পুরো বছরজুড়ে নতুন উড়োজাহাজ বহরে যুক্ত হবে। স্বাধীনতার পর অভ্যন্তরীণ রুটে প্রথম ব্র্যান্ড নিউ উড়োজাহাজ দিয়ে যাত্রা শুরু করা বেসরকারি এয়ারলাইনস হিসেবে ইউএস–বাংলা এবার আন্তর্জাতিক রুটেও নতুন উড়োজাহাজ পরিচালনার পরিকল্পনা নিয়েছে।

তিনি বলেন, ইউএস–বাংলাকে শুধু একটি দেশীয় এয়ারলাইনস নয়, আন্তর্জাতিক মানের একটি বৈশ্বিক ব্র্যান্ড হিসেবে গড়ে তোলাই তাদের লক্ষ্য। নতুন উড়োজাহাজ, আধুনিক প্রযুক্তি এবং উন্নত যাত্রীসেবার মাধ্যমে সেই লক্ষ্য বাস্তবায়নে কাজ করছে প্রতিষ্ঠানটি।