নিজস্ব প্রতিবেদক : পর্যায়ক্রমে সারা দেশে ফ্যামিলি কার্ড কার্যক্রম সম্প্রসারণের পরিকল্পনা ও বাস্তবায়ন কৌশল নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সোমবার বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে এ বৈঠক হয়।
বৈঠকে বিএনপির নির্বাচনি ইশতেহারে ঘোষিত অন্যতম গুরুত্বপূর্ণ অঙ্গীকার ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির বাস্তবায়ন অগ্রগতি এবং ধাপে ধাপে দেশের সব এলাকায় কার্যক্রম বিস্তারের রূপরেখা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, ফ্যামিলি কার্ড কার্যক্রম সম্প্রসারণে বাস্তবসম্মত পরিকল্পনা গ্রহণ, আধুনিক প্রযুক্তির সর্বোত্তম ব্যবহার এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সংস্থাগুলোর মধ্যে কার্যকর সমন্বয় নিশ্চিত করতে হবে।
তিনি প্রকৃত উপকারভোগীদের কাছে এ কর্মসূচির সুবিধা স্বচ্ছ, কার্যকর ও নির্ভুলভাবে পৌঁছে দিতে একটি নির্ভরযোগ্য তথ্যভান্ডার তৈরির ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি তথ্য সংগ্রহ, যাচাই-বাছাই এবং উপকারভোগী নির্বাচনের প্রতিটি ধাপে সর্বোচ্চ স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন।
বৈঠকে ফ্যামিলি কার্ড কর্মসূচির আওতায় সুবিধাভোগী নির্বাচন প্রক্রিয়া, তথ্য ব্যবস্থাপনা এবং বাস্তবায়ন কাঠামো আরও কার্যকর করার বিভিন্ন দিক নিয়েও আলোচনা হয়।
এ সময় উপস্থিত ছিলেন সমাজকল্যাণমন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন, সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমীন, প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহ্দী আমিন, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার, প্রধানমন্ত্রীর কার্যালয়ের এসডিজি-বিষয়ক মুখ্য সমন্বয়ক অধ্যাপক ড. এস এম আব্দুল আওয়াল, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির বিশেষ সম্পাদক বেলায়েত হোসেন মৃধাসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা।