মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
৬ শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
৬ সফর, ১৪৪৮ হিজরি

‘প্রবাসী কার্ডে’ মিলবে বিমানের টিকিটে ছাড়

নিজস্ব প্রতিবেদক : প্রবাসী বাংলাদেশিদের জন্য বিশেষ সুবিধা নিশ্চিত করতে চালু হতে যাওয়া ‘প্রবাসী কার্ডে’ বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের টিকিটে বিশেষ ছাড়, বলাকা ভিআইপি লাউঞ্জ ব্যবহারে ডিসকাউন্ট, প্রাধান্যভিত্তিক চেক-ইন ও বোর্ডিং সুবিধাসহ একাধিক সেবা যুক্ত করা হচ্ছে। পাশাপাশি বাংলাদেশ পর্যটন করপোরেশনের হোটেল-মোটেলেও বিশেষ ছাড় দেওয়ার পরিকল্পনা করছে সরকার।

মঙ্গলবার সকালে সচিবালয়ে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে প্রবাসী কার্ড বিতরণে বিমানবন্দর সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের করণীয় বিষয়ে আয়োজিত এক অবহিতকরণ সভায় এ তথ্য জানান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম।

মন্ত্রী বলেন, প্রবাসীদের সব ধরনের সুযোগ-সুবিধা নিশ্চিত করতে সরকার কাজ করছে।
ইতোমধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের টিকিট এবং বলাকা লাউঞ্জ ব্যবহারে বিশেষ ছাড় দেওয়ার নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ ছাড়া হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রীসেবার মান উন্নয়নে শাটল বাস সার্ভিস চালু করা হয়েছে।

প্রবাসীদের জন্য হয়রানিমুক্ত বিমানসেবা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর।

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত বলেন, প্রবাসী কার্ডধারীদের জন্য বাংলাদেশ পর্যটন করপোরেশনের হোটেল-মোটেলগুলোতেও বিশেষ ছাড় দেওয়ার বিষয়টি বিবেচনা করা হচ্ছে।
একই সঙ্গে বিমানবন্দরে প্রায়োরিটি চেক-ইন ও প্রায়োরিটি বোর্ডিং সুবিধাও চালু করা হবে। এসব সুবিধা বর্তমান সরকারের প্রবাসী কার্ডের মাধ্যমে পাওয়া যাবে।

সভার শুরুতে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেন, সরকারের নির্বাচনী ইশতেহারে অন্তর্ভুক্ত প্রবাসী কার্ড বাস্তবায়নে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ লক্ষ্যে প্রয়োজনীয় বিভিন্ন সহযোগিতার ক্ষেত্র সভায় তুলে ধরা হয়।

সভায় আরও উপস্থিত ছিলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী মো. নুরুল হক, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী (এশিয়া-প্যাসিফিক অঞ্চলের বৈদেশিক কর্মসংস্থান বিষয়ক) ড. মো. শাকিরুল ইসলাম খান এবং দুই মন্ত্রণালয় ও তাদের অধীনস্থ সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা।