মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
১৩ শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
১৩ সফর, ১৪৪৮ হিজরি

কথা কম, কাজ বেশি: ডিএনসিসি প্রশাসক

নিজস্ব প্রতিবেদক : এখন কথা কম হবে, কাজ হবে বেশি, জনগণের কল্যাণেই আমরা কাজ করে যাব, এমন মন্তব্য করে ঢাকা-১৮ আসনের ৪৮ ও ৪৯ নম্বর ওয়ার্ডের সংযোগ সড়ক ও ড্রেনেজ সংস্কারকাজ দ্রুত শেষ করার আশ্বাস দিয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মো. শফিকুল ইসলাম খান।

রোববার ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের আওতাধীন ৪৮ ও ৪৯ নম্বর ওয়ার্ডের সংযোগ সড়ক ও ড্রেন সংস্কারকাজের অগ্রগতি সরেজমিনে পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।

প্রশাসক বলেন, রাজধানীর ঢাকা-১৮ আসনের ৪৮ ও ৪৯ নম্বর ওয়ার্ডের সংযোগ সড়ক ও ড্রেনেজ ব্যবস্থার সংস্কারকাজ দ্রুত বাস্তবায়নের নির্দেশ দেওয়া হয়েছে। জনগণের দুর্ভোগ কমাতে উন্নয়নকাজে গতি আনা হবে।
পাশাপাশি বর্তমান সরকারের মানবিক উদ্যোগের ধারাবাহিকতায় জনগণের কল্যাণে কাজ অব্যাহত থাকবে।

তিনি জানান, গত কয়েক দিনের ভারী বর্ষণের কারণে উন্নয়নকাজ কিছুটা ব্যাহত হয়েছে।
তবে সংশ্লিষ্ট বিভাগগুলোর সঙ্গে সমন্বয় করে দ্রুত কাজ সম্পন্নের জন্য প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হবে।

মো. শফিকুল ইসলাম খান বলেন, এলাকার মানুষের দুর্ভোগের বিষয়টি বিবেচনায় নিয়ে স্থানীয় সংসদ সদস্যকে সঙ্গে নিয়ে প্রকল্প এলাকা পরিদর্শন করা হয়েছে।
জনগণের ভোগান্তি কমাতে প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা নেওয়া হবে।

সাংবাদিকদের ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, গণমাধ্যমের মাধ্যমে এলাকার জনদুর্ভোগের বিষয়টি জানতে পেরেছেন। সে অনুযায়ী দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া হবে।

পরিদর্শনকালে ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রধান প্রকৌশলী এবং স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।