শনিবার, ১ আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
১৭ শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
১৭ সফর, ১৪৪৮ হিজরি

কর্ণফুলীতে এস আলম গ্রুপের সব কারখানা বন্ধের ঘোষণা

কর্ণফুলী (চট্টগ্রাম) প্রতিনিধি : চট্টগ্রামে এস আলম গ্রুপের সবকটি কারখানা বন্ধের ঘোষণা দিয়েছে কর্তৃপক্ষ। সেই মোতাবেক কর্ণফুলী উপজেলায় এস আলমের সবকটি কারখানা শুক্রবার থেকে বন্ধ করে দেওয়া হয়।
তার আগে, বৃহস্পতিবার বেশ কিছু কারখানার শ্রমিকদের ছাঁটাই করা হয়েছে।

কর্ণফুলীতে বন্ধ হয়ে যাওয়া কারখানাগুলোর মধ্যে রয়েছে এস আলম রিফাইন্ড সুগার ইন্ডাস্ট্রিজ, এস আলম কোল্ড রোল্ড স্টিলস ও ইনফিনিটি সি আর স্ট্রিপস ইন্ডাস্ট্রিজ, এস আলম স্টিল, এস আলম কোল্ড রোল্ড স্টিলস এনওএফ, চেমন ইস্পাত ও গ্যালকো স্টিল, এস আলম ব্যাগ লিমিটেড, এস আলম সিমেন্ট, এস আলম ভেজিটেবল অয়েল।

জানা গেছে, ব্যাংকের সহযোগিতা না পাওয়ায় এবং কাঁচামাল আমদানি করতে না পারায় কারখানাগুলো আগে থেকেই বন্ধ করার ঘোষণা ছিল। তবে মজুদ কাঁচামাল দিয়ে কিছু দিন কারখানাগুলো চালু ছিল।
এসব কারখানায় আগে থেকে কিছু শ্রমিক ছাঁটাই করা হলেও এবার সবগুলো প্রতিষ্ঠান একেবারে বন্ধ ঘোষণা করা হলো। তবে এস আলম স্টিল, এস আলম সিমেন্ট, এস আলম ভেজিটেবল অয়েলসহ কয়েকটি প্রতিষ্ঠান বন্ধের ঘোষণা হলেও শ্রমিক ছাঁটাইয়ের নোটিশ করা হয়েছে বলে জানা যায়নি।

এস আলম রিফাইন্ড সুগার ইন্ডাস্ট্রিজের শ্রমিকরা জানান, বৃহস্পতিবার দুপুরে কারখানার নোটিশ বোর্ডে ছাঁটাইকৃত শ্রমিকদের নামের তালিকা টাঙানো হয়। এতে উল্লেখ করা হয়, ব্যবস্থাপনা কর্তৃপক্ষের নির্দেশনা অনুসারে নিম্নলিখিত কর্মকর্তা-কর্মচারীদের চাকরি থেকে অব্যাহতি দেওয়া হলো, যা ১ আগস্ট থেকে কার্যকর বলে গণ্য হবে।

চিনি প্রক্রিয়াজাতকরণের এই কারখানার এক কর্মকর্তা জানান, কর্ণফুলীতে বন্ধ হয়ে যাওয়া কারখানাগুলোর মধ্যে এই রিফাইন্ড সুগার ইন্ডাস্ট্রিজে স্থায়ী শ্রমিক-কর্মচারী রয়েছেন ৫০০ জন, আর অস্থায়ী শ্রমিক-কর্মচারী প্রায় ২০০। অন্যান্য কারখানায় সব মিলিয়ে প্রায় সাড়ে চার হাজার শ্রমিক-কর্মচারী নিয়োজিত ছিলেন। ৫ আগস্টের পর ব্যাংকের সহযোগিতা না পাওয়ায় এবং কাঁচামাল আমদানি করতে না পারায় একের পর এক শ্রমিক ছাঁটাইয়ের ঘটনা ঘটে। তবে একেবারে কার্যক্রম বন্ধ ছিল না।

জানতে চাইলে এস আলম রিফাইন্ড সুগার ইন্ডাস্ট্রিজের ডিজিএম রফিকুল ইসলাম বলেন, ‘কারখানায় সব ধরনের উত্পাদন বন্ধ।
তাই কর্তৃপক্ষ চাইছেন কর্মরতরা ফিরে যাক।’