টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি : গণভোটের গণরায়, জুলাই সনদ বাস্তবায়ন ও জুলাই গণহত্যায় জড়িত ফ্যাসিস্ট শেখ হাসিনা ও তার দোসরদের বিচারের দাবিতে গণমিছিল ও সমাবেশ করেছে টঙ্গী পূর্ব ও পশ্চিম থানা জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা।
শনিবার বাদ আসর টঙ্গীর গাজীপুরা বাসস্ট্যান্ড এলাকা থেকে একটি বিশাল গণমিছিল শুরু হয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গাজীপুরা, এরশাদনগর, হোসেন মার্কেট, চেরাগআলীসহ বিভিন্ন গুরুত্বপূর্ণস্থান প্রদক্ষিণ করে কলেজগেট এলাকায় এক সমাবেশে মিলিত হয়।
টঙ্গী পূর্ব থানা জামায়াতের আমীর মো. নজরুল ইসলামের সভাপতিত্বে ও ৫৪নং ওয়ার্ড জামায়াতের আমীর নুর মোহাম্মদ মন্ডলের সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন
গাজীপুর মহানগর জামায়াতের সহকারি সেক্রেটারি মোহাম্মদ আফজাল হোসাইন।
এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন গাজীপুর মহানগর জামায়াতের যুববিষয়ক সম্পাদক মোহাম্মদ নেয়ামত উল্লাহ শাকের, টঙ্গী পশ্চিম থানা জামায়াতের আমীর মোহাম্মদ আনোয়ার হোসেন ভূঁইয়া।
সমাবেশে আরও উপস্থিত ছিলেন টঙ্গী পূর্ব থানা ইসলামী ছাত্রশিবিরের সভাপতি ইকবাল মাহমুদ, তা’মীরুল মিল্লাত কেন্দ্রীয় ছাত্র সংসদের (টাকসু) ভিপি মো. মাইনুল ইসলাম, মর্তুজা হাসান ফুয়াদ, টঙ্গী সরকারি কলেজ শাখা ছাত্রশিবিরের সভাপতি নূর মোহাম্মদ, সেক্রেটারি সাইফুল্লাহ প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে মোহাম্মদ আফজাল হোসাইন বলেন, জুলাই আন্দোলনের পর আমরা দুইবছর অতিবাহিত করেছি। এর মধ্যে দেশে একটি জাতীয় নির্বাচন হয়েছে। নির্বাচনের পরে এদেশের মানুষ আশা করেছিল ২৪ এর জুলাইয়ের আগে রাস্তায় যেভাবে মানুষ খুন হতো। সেভাবে আর কোনো মায়ের বুক খালি হবে না। কিন্তু আজ আমরা দেখতে পাচ্ছি, রাজপথে সরকারের বিরুদ্ধে প্রতিবাদ করলে চোখ উপড়ে ফেলা হচ্ছে। বর্তমানে বিএনপি সরকার ফ্যাসিবাদের পথ অবলম্বণ করেছে।
তিনি বিএনপি সরকারকে ইঙ্গিত করে আরও বলেন, যাদের আত্মত্যাগের বিনিময়ে আপনারা বর্তমানে ক্ষমতায়, সেই জুলাই শহীদদের আপনারা ভুলে গেছেন। তাই অবিলম্বে গণভোটের গণরায়, জুলাই সনদ বাস্তবায়ন ও জুলাই গণহত্যার বিচার করতে হবে। অন্যথায় এদেশের আপামর জনসাধারণ রাজপথে নামতে বাধ্য হবে।