রবিবার, ২ আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
১৮ শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
১৮ সফর, ১৪৪৮ হিজরি

চরম দুর্ভোগে শহরবাসী : অবৈধ টমটমের দৌরাত্বে খাগড়াছড়িতে ঘটছে দুর্ঘটনা, তীব্র যানজট

এইচ এম প্রফুল্ল, খাগড়াছড়ি : অবৈধ ও ফিটনেসবিহীন ব্যাটারী চালিত টমটমের দৌরাত্বে খাগড়াছড়ি শহরবাসীর দুর্ভোগের পাশাপাশি মরণ ফাঁদে পরিণত হয়েছে। লাইসেন্স বিহীন, গাড়ি চালানোর অভিজ্ঞতার অভাব, অল্প শিক্ষিত ও শিশু চালকদের কারনে টমটম খাগড়াছড়ি শহরবাসীর জন্য দিন দিন ভয়ংকর জীবনঘাতী দানব হয়ে উঠছে। প্রতিদিন কোনো না কোনো ভাবে টমটম নামক এই ব্যাটারী চালিত গাড়ির ভয়াবহ দুর্ঘটনার শিকার হয়ে জীবনহানিসহ পঙ্গুত্বের শিকার হচ্ছেন নিরীহ অসংখ্য পথচারী। পৌরসভা দেড় হাজার টমটমকে টোকেন দিলেও বাস্তবে চলছে ৫ হাজারের বেশী টমটম। এতে করে সরকারও বিপুল পরিমাণ রাজস্ব থেকে বঞ্চিত হওয়ার পাশাপাশি শহরে তীব্র যানজট হচ্ছে । দেখার যেন কেউ নেই। ভূক্তভোগিরা জননিরাপত্তার স্বার্থে অবৈধ টমটমে শৃঙ্খলা ফিরিয়ে দাবী জানিয়েছেন ভুক্তভোগিরা।
টমটমের কারণে যানজটে থমকে আছে পুরো খাগড়াছড়ি পেওল শহর। এটি এখন খাগড়াছড়ি শহরের নিত্য দিনের ঘটনা। বলা যায় খাগড়াছড়ি শহরবাসীর জন্য অভিশাপ হয়ে দাড়িয়ে অবৈধ টমটম। টমটমের কারণে শহরে লেগেই আছে যানজট। আর দুর্ঘটনা এখন নিত্য সময়ের ঘটনা। শহরে প্রাণঘাতি দানব হয়ে নিরীহ পথচারীদের চরম আতংকের কারন হিসেবে আবির্ভুত হয়ে উঠছে টমটম। অবৈধ টমটমের নেই ফিটনেন্স। চালকের নেই লাইসেন্স, গাড়ি চালানোর অভিজ্ঞতা, অল্প শিক্ষিত ও শিশু।
খাগড়াছড়ি পৌরসভার সাবেক কাউসিন্সলর আব্দুর রব রাজা বলেন, খাগড়াছড়ি শহরে চলাচলরত টমটমের কোন চালকেরই প্রশিক্ষণ নেই। ফলে তারা মানছে না গাড়ি চালানোর নিয়ম কানুন। শুধু জনদুর্ভোগ নয়, বিদ্যুৎ গিলে খাচ্ছে এ টমটম।এখনই টমটম নামক ঘাতকযানের লাগাম টেনে না ধরলে দুর্ঘটনার শিকার হয়ে আরো অকালেই ঝরে পড়বে অসংখ্য তাজা প্রাণ।
খাগড়াছড়ি ট্রাফিক পুলিশের ইন্সপেক্টর জামাল হোসেন বলেন, অদক্ষ ও অপ্রাপ্ত টমটম চালকদের অসুস্থ্য প্রতিযোগিতার কারণে পৌর শহরে যানজট হচ্ছে । টমটম সামাল দিতে গিয়ে হিমশিম খেতে হচ্ছে ট্রাফিক পুলিশকেও।
খাগড়াছড়ি প্রেসক্লাবের সভাপতি তরুণ কুমার ভট্টাচার্য্য জননিরাপত্তার স্বার্থে অবৈধ টমটম চলাচলে শৃঙ্খলা ফিরিয়ে আনার দাবী জানিয়ে বলেন, টমটম খাগড়াছড়ি শহরকে জঙ্গলী শহরে পরিণত করেছে।
খাগড়াছড়ি পৌর প্রশাসক রুমানা আক্তার টমটমের কারণে জনদুর্ভোগের কথা স্বীকার করে শহরকে যানজট মুক্ত করতে টমটম চালকদের মধ্যে শৃঙ্খলা ফিরিয়ে আনতে সকলের যৌথ উদ্যোগ প্রয়োজন বলে মনে করেন।
খাগড়াছড়ি জেলা প্রশাসক মো: আনোয়ার সাদাত বলেন, খাগড়াছড়ি পৌর শহরে শৃঙ্খলা ফিরিয়ে আনতে ও শহরে টমটমের সংখ্যা নির্ধারণে সকল প্রতিষ্ঠানের সাথে সমন্বয় করে পরিকল্পনা চলছে।