মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
২০ শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
২০ সফর, ১৪৪৮ হিজরি

দুর্গাসাগর দিঘির হরিণ চুরি: কেয়ারটেকার-প্রহরী গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক : বরিশালের বাবুগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী দুর্গাসাগর দীঘি থেকে খাঁচায় থাকা একটি হরিণ চুরির ঘটনায় কেয়ারটেকার ও এক প্রহরীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার দুপুরের দিকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন, দুর্গাসাগর দিঘির কেয়ারটেকার মো. জামাল হোসেন মৃধা এবং প্রহরী-কাম-মালী অলিউর রহমান অলি হাওলাদার।

মামলার তদন্তকারী কর্মকর্তা এয়ারপোর্ট থানার এসআই মো. সরোয়ার জানান, ২০২৫ সালের ৩ আগস্ট রাতে পর্যটকদের জন্য খাঁচায় রাখা সবচেয়ে বড় হরিণটি চুরি হয়।
এ ঘটনায় দুর্গাসাগর দিঘির প্রধান তত্ত্বাবধায়ক মো. জাহাঙ্গীর হোসেন খান বাদী হয়ে অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে এয়ারপোর্ট থানায় মামলা করেন।

তিনি বলেন, তথ্যপ্রযুক্তির সহায়তায় তদন্তে কেয়ারটেকার ও প্রহরীর সংশ্লিষ্টতার তথ্য পাওয়ার পর তাদের গ্রেপ্তার করা হয়।
পরে আদালতে সোপর্দ করে পাঁচ দিনের রিমান্ড আবেদন করা হলে আদালত এক দিনের পুলিশ হেফাজতে জিজ্ঞাসাবাদের অনুমতি দেন।

মামলার বাদী ও দুর্গাসাগর দিঘির প্রধান তত্ত্বাবধায়ক মো. জাহাঙ্গীর হোসেন খান জানান, জেলা প্রশাসকের নির্দেশে তিনি মামলাটি করেন।
চুরির আগে খাঁচায় ১৩টি হরিণ ছিল। একটি চুরি হওয়ার পর বর্তমানে সেখানে ১২টি হরিণ রয়েছে।