বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
২২ শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
২২ সফর, ১৪৪৮ হিজরি

টঙ্গীতে পুলিশের অভিযানে বিপুল পরিমাণ মাদক, অস্ত্র ও নগদ টাকা উদ্ধার, গ্রেফতার ২

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি : গাজীপুরের টঙ্গীর হাজী মাজার বস্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ মাদক, নগদ অর্থ, দেশীয় অস্ত্র ও বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করেছে পুলিশ। এ সময় মাদক সেবনের সরঞ্জামসহ শুভ (১৮) ও নাঈম (২০) নামে দুই মাদকাসক্তকে গ্রেফতার করা হয়।

বুধবার ভোররাত ৩টা থেকে সকাল ১০টা পর্যন্ত থানা পুলিশ, ডিবি, আর্মড পুলিশ ব্যাটালিয়ন-এপিবিএনের সদস্যরা একযোগে অভিযান চালায়।

এ অভিযানে নেতৃত্ব দেন জিএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মোহাম্মদ বেলায়েত হোসেন।

পুলিশ জানায়, টঙ্গী হাজীর মাজার বস্তিতে বিপুল পরিমান হিরোইন ক্রয়-বিক্রয় হচ্ছে। এমন গোপন সংবাদের ভিত্তিত্বে পুলিশ বুধবার ভোররাত ৩ থেকে সকাল ১০টা পর্যন্ত বস্তির বিভিন্নস্থানে অভিযান চালায়। এসময় ২১৯ গ্রাম হেরোইন, ২ হাজার ১০০ পুরিয়া হেরোইন (প্রায় ১.৬ কেজি), নগদ ২ লাখ ৬৪ হাজার ৫৬০ টাকা, ২৮০ ওমানি রিয়াল, ১৫টি রামদা, ২টি সামুরাই, একটি স্টিলের চাপাতি, একটি প্লাস্টিকের খেলনা পিস্তল, ১০টি স্টিলের পাইপ, একটি টাকা গণনার মেশিন, একটি প্যাকেজিং মেশিন, ৩টি ডিভিআর এবং স্বর্ণসদৃশ অলংকার (তিনটি চেইন, সাতটি আংটি ও দুটি ব্রেসলেট) উদ্ধার করা হয়।

টঙ্গী পশ্চিম থানার ওসি আরিফুর রহমান জানান, বিশেষ অভিযানে বিপুল পরিমাণ মাদক ও অন্যান্য আলামত উদ্ধার করা হয়েছে। গ্রেফতার দুই মাদকাসক্তের বিরুদ্ধে মামলা দায়ের শেষে বুধবার দুপুরে তাদের আদালতে পাঠানো হয়েছে।