টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি : ঢাকা আলিয়া মাদরাসার অধ্যক্ষ মোহাম্মদ ওবায়দুল হকের উপর সন্ত্রাসী ছাত্রদলের নির্মম হামলার প্রতিবাদে মানববন্ধন করেছে টঙ্গী তা’মীরুল মিল্লাত কেন্দ্রীয় ছাত্র সংসদ(টাকসু)।
বৃহস্পতিবার দুপুরে গাজীপুরের টঙ্গী তা’মীরুল মিল্লাত মাদরাসার মূলফটকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে আয়োজিত মানববন্ধনে প্রতিষ্ঠানের শত শত শিক্ষক ও শিক্ষার্থী অংশ নেন।
টাকসু’র ভিপি মঈনুল ইসলামের সভাপতিত্বে ও জিএস মুর্তজা হাসান ফুয়াদের সঞ্চালনায় মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন টঙ্গী তা’মীরুল মিল্লাত কামিল মাদরাসার বালিকা শাখার ভাইস প্রিন্সিপাল আব্দুল কাইয়ুম।
প্রধান অতিথির বক্তব্যে আব্দুল কাইয়ুম বলেন, “দেশের সকল শিক্ষাঙ্গনে সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনতে হবে। ক্যাম্পাসে লেজুড়বৃত্তিক রাজনীতি, হল দখল, ফ্রি খাওয়া, চাঁদাবাজিসহ সকল অপকর্ম রুখে দিতে হবে। অধ্যাপক ওবায়দুল হক এর উপর হামলায় জড়িতদের অনতিবিলম্বে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনতে হবে।”
টাকসু ভিপি মঈনুল ইসলাম বলেন, শিক্ষাঙ্গন হলো দেশ গড়ার ও মানুষ তৈরির কারখানা। কোনো সন্ত্রাসী, মাস্তানি বা চাঁদাবাজি আর সম্মানিত শিক্ষকদের উপর হামলা করার জায়গা শিক্ষাঙ্গন নয়। জুলাই আন্দোলনে মাদরাসা শিক্ষার্থীদের অসামান্য অবদান ছিল। এদেশের মাদরাসা শিক্ষাব্যবস্থা ধারাবাহিকভাবে শিক্ষার্থীদের মাঝে আদর্শিক, নৈতিক ও ধর্মীয় মূল্যবোধ তৈরিতে এবং ইসলামী মূল্যবোধ সম্পন্ন মানুষ গড়ার কাজ করে যাচ্ছে, কিন্তু আজ সেই প্রতিষ্ঠানকে কলঙ্কিত করেছে সন্ত্রাসী বাহিনী।
কর্মসূচিতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টঙ্গী তা’মীরুল মিল্লাত কামিল মাদরাসার হেড মুহাদ্দিস ড. মোয়াজ্জেম হোসেন আজহারী, মাদরাসার ফকিহ ইব্রাহিম খলিল, আমিনুল হক, প্রভাষক নুরুল আমিন ও ওমর ফারুকসহ টাকসুর বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও সাধারণ শিক্ষার্থীরা।