রবিবার, ৯ আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
২৫ শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
২৫ সফর, ১৪৪৮ হিজরি

টঙ্গীতে কাভার্ডভ্যানের ধাক্কায় মাদরাসার ছাত্র নিহত

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি : গাজীপুরের টঙ্গীতে কাভার্ডভ্যানের ধাক্কায় ইয়াসিন আলী (১৭) নামে এক মাদরাসাছাত্র নিহত হয়েছে। শনিবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে গাজীপুরা বাসস্ট্যান্ড সংলগ্ন ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ইয়াসিন আলী পাবনা জেলার সুজানগর থানার নেয়াপাড়া এলাকার রিপন মিয়ার ছেলে। সে তা’মীরুল মিল্লাত কামিল মাদরাসার নবম শ্রেণির মানবিক বিভাগের ‘ক’ শাখার শিক্ষার্থী ছিল। টঙ্গীর গাজীপুরা কাজীপাড়া এলাকায় নাজিমুদ্দিনের বাড়িতে ভাড়া বাসায় বসবাস করে তা’মীরুল মিল্লাত কামিল মাদরাসায় লেখাপড়া করতো।
পুলিশ জানায়, শনিবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে ইয়াসিন গাজীপুরা বাসস্ট্যান্ড সংলগ্ন ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক পার হচ্ছিল। এ সময় ঢাকাগামী দ্রুতগতির একটি কাভার্ডভ্যান (ঢাকা মেট্রো-২০-৪৪১৩) তাকে সজোরে ধাক্কা দেয়। এতে সে গুরুতর আহত হয়ে রাস্তায় পড়ে যায় এবং মাথায় আঘাত লেগে প্রচুর রক্তক্ষরণ হয়।
খবর পেয়ে টঙ্গী পূর্ব থানার ঘটনাস্থলে পৌঁছে আশংকাজনক অবস্থায় ইয়াসিনকে উদ্ধার করে টঙ্গী সরকারি হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এব্যাপারে টঙ্গী পূর্ব থানার ওসি মেহেদী হাসান জানান, ঘাতক কাভার্ডভ্যানটি জব্দ করা হয়েছে। তবে চালক ও হেলপার ঘটনাস্থল থেকে পালিয়ে গেছে। চালককে আটকের চেষ্টা চলছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।