বুধবার, ১২ আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
২৮ শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
২৮ সফর, ১৪৪৮ হিজরি

ভারত থেকে আজ আসছে ২০টি ব্রডগেজ রেল কোচ

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ রেলওয়ের জন্য নির্মিত ২০টি এলএইচবি ব্রড-গেজ যাত্রীবাহী কোচের প্রথম চালান আজ (বুধবার, ১২ আগস্ট) বাংলাদেশে পৌঁছাবে। এতে রয়েছে তিনটি এসি স্লিপার কোচ, তিনটি এসি চেয়ার কার, ১২টি নন-এসি চেয়ার কার এবং দুটি পাওয়ার কার।

ভারতের রেল মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, কোচগুলোতে বেশ কিছু অনন্য নকশা ও পরিবর্তন অন্তর্ভুক্ত করা হয়েছে, যার মধ্যে অনেক কিছুই এলএইচবি-ধরনের কোচের ক্ষেত্রে প্রথমবারের মতো তৈরি করা হয়েছে। এগুলো তৈরি হয়েছে ভারতের পাঞ্জাবের কাপুরথালার রেল কোচ ফ্যাক্টরিতে।

রেল সূত্রে বলা হয়েছে, ভারতের কাপুরথালার রেল কোচ ফ্যাক্টরি এবং বাংলাদেশ রেলওয়ের মধ্যে সহযোগিতার সম্পর্কটি ২০১৫-১৬ সাল থেকে চলে আসছে। সে সময় ভারতীয় কারখানাটি সফলভাবে বাংলাদেশ রেলওয়েকে ১২০টি এলএইচবি ব্রড-গেজ যাত্রীবাহী কোচ সরবরাহ করেছিল।

একজন রেল কর্মকর্তা বলেছেন, এই সফল অংশীদারিত্বের ওপর ভিত্তি করে বাংলাদেশ রেলওয়ে ২০২৪ সালে রাইটসের মাধ্যমে ভারতকে আবারও ২০০টি ব্রড-গেজ যাত্রীবাহী কোচ (সাতটি ভিন্ন ধরনের) তৈরির দায়িত্ব দিয়েছে। এর ফলে ভারত ও বাংলাদেশের মধ্যে রেল সহযোগিতাকে আরো সুদৃঢ় করবে বলে আশা করা হচ্ছে। ৯১৫ কোটি টাকার একটি চুক্তির আওতায় ২০০টি কোচ সরবরাহের কাজ ২০২৭ সালের ডিসেম্বরের মধ্যে সম্পন্ন হওয়ার সম্ভাবনা রয়েছে। ইউরোপীয় বিনিয়োগ ব্যাংকের অর্থায়নে বাস্তবায়নাধীন এই প্রকল্পের আওতায় বাংলাদেশ রেলওয়ের পুরনো বহরে নতুন কোচগুলো যুক্ত করা হবে।