শুক্রবার, ১৪ আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
৩০ শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
৩০ সফর, ১৪৪৮ হিজরি

গ্যাস পাম্প ও সংকট নিরসনের দাবিতে জামালপুর-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ

জামালপুর (ময়মনসিংহ) প্রতিনিধি : নতুন গ্যাস পাম্প স্থাপন ও চলমান গ্যাস সংকট নিরসনের দাবিতে জামালপুর-টাঙ্গাইল আঞ্চলিক মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন সিএনজিচালিত অটোরিকশার চালকরা। এতে মহাসড়কের দুই পাশে যানবাহনের দীর্ঘ সারি তৈরি হয়েছে।
ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রী ও অন্যান্য যানবাহনের চালকরা।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকাল ৬টা থেকে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন অটোরিকশার চালকরা।

পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাজনীন আখতার ও থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুস সাকিবের আশ্বাসে ৫ ঘণ্টা পর সড়ক ছেড়ে দেয় অটোরিকশাচালকরা।

অটোরিকশাচালকরা জানায়, জামালপুরে দীর্ঘদিন ধরে জাবেদ ফিলিং স্টেশন নামে মাত্র একটি গ্যাস পাম্পে সিএনজি গ্যাস সরবরাহ করা হয়।
এর বিপরীতে বিআরটিএ নিবন্ধিত প্রায় ৩ হাজার অটোরিকশা রয়েছে। এছাড়া বাইরে থেকে আসা অটোরিকশাসহ জেলায় চলাচলকারী মোট অটোরিকশার সংখ্যা প্রায় ৫ হাজার।

চালকদের অভিযোগ, বিপুলসংখ্যক অটোরিকশার বিপরীতে মাত্র একটি গ্যাস পাম্প থাকায় প্রতিদিনই দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থাকতে হয়। এরপরও অনেক সময় পর্যাপ্ত গ্যাস পাওয়া যায় না। গ্যাস সংকটের কারণে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেও খালি হাতে ফিরতে হয় চালকদের। এতে আয়-রোজগার বন্ধ হয়ে চরম ভোগান্তিতে পড়ছেন তারা।

অটোরিকশাচালক জয়নাল আবেদীন বলেন, ‘রাত দুইটা থেকে লাইনে দাঁড়িয়ে আছি। হঠাৎ শুনি গ্যাস নেই। এটা শুধু আজকের সমস্যা নয়, মাঝেমধ্যেই এমন হয়। জামালপুরে এত অটোরিকশা, অথচ গ্যাস পাম্প মাত্র একটি।

একদিকে গ্যাসের সংকট, অন্যদিকে একটি পাম্প হওয়ায় আমাদের দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে থাকতে হয়। তাই আমরা বাধ্য হয়ে রাস্তা অবরোধ করেছি। আমরা নতুন গ্যাস পাম্প চাই এবং গ্যাস সংকটের স্থায়ী সমাধান চাই।

জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুস সাকিব বলেন, গ্যাস পাম্প ও গ্যাস সংকটের কারণে অটোরিকশার চালকরা মহাসড়ক অবরোধ করেন। খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে যান চলাচল স্বাভাবিক করতে বোঝানোর পরে তারা অবরোধ তুলে নেন।