রবিবার, ১৬ আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
১ ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
২ রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

নবীগঞ্জে ভুয়া চিকিৎসককে ৫০ হাজার টাকা জরিমানা


হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার পানিউমদা বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে কাজী দেলোয়ার আহমেদ নামের এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। নিবন্ধন না থাকা সত্ত্বেও নামের আগে ‘ডাক্তার’ পদবি ব্যবহার, পেশাগত যোগ্যতার বিষয়ে অতিরিক্ত ও অসত্য তথ্য উল্লেখ, মেডিকেল বর্জ্য যথাযথভাবে ব্যবস্থাপনা না করা এবং ফ্রিজে সংরক্ষণযোগ্য ওষুধ সঠিকভাবে সংরক্ষণ না করার অভিযোগে তাঁকে এ জরিমানা করা হয়।

‎শনিবার পানিউমদা বাজারে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৫২ ও ৫৩ ধারায় তাঁকে জরিমানা করা হয়। কাজী দেলোয়ার আহমেদ উপজেলার কুরশা গ্রামের বাসিন্দা কাজী মহসিনের ছেলে।

‎অভিযান সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, কাজী দেলোয়ার আহমেদের এমবিবিএস ডিগ্রি ও চিকিৎসক হিসেবে নিবন্ধন না থাকা সত্ত্বেও তিনি নামের আগে ‘ডাক্তার’ পদবি ব্যবহার করছিলেন। একই সঙ্গে তাঁর নামের সঙ্গে অতিরিক্ত ও মিথ্যা পেশাগত যোগ্যতা ব্যবহারের অভিযোগ পাওয়া যায়।

‎এ ছাড়া তাঁর চিকিৎসাসেবা কার্যক্রমে ব্যবহৃত মেডিকেল বর্জ্য যথাযথভাবে ব্যবস্থাপনা করা হচ্ছিল না এবং ফ্রিজে সংরক্ষণ করা প্রয়োজন এমন কিছু ওষুধও যথাযথভাবে সংরক্ষণ করা হয়নি বলে অভিযানে উল্লেখ করা হয়।

‎অভিযান পরিচালনা করেন নবীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রত্যয় হাশেম। এ সময় নবীগঞ্জ থানার একটি দল ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল কর্মকর্তা ডা. রাশেদ উপস্থিত ছিলেন।

‎সহকারী কমিশনার (ভূমি) প্রত্যয় হাশেম বলেন, জনস্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ ও আইনবহির্ভূতভাবে চিকিৎসাসেবা দেওয়ার বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। চিকিৎসাসেবার নামে অনিয়ম বা প্রতারণা ঠেকাতে প্রশাসনের নজরদারি থাকবে।