পূবাইল (গাজীপুর) প্রতিনিধি : গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) পূবাইল থানা পুলিশ অভিযান চালিয়ে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় তিনজনকে গ্রেপ্তার করেছে।
শুক্রবার রাতে পূবাইলের মেঘডুবি এলাকার ঢাকা-বাইপাস সড়ক থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন—মেঘডুবি এলাকার মো. খোকন মিয়া (৪৪), মো. মোবারক হোসেন (৫৪) এবং কাপাসিয়া উপজেলার কান্দানিয়া এলাকার মো. মহসিন (৩৬)।
পুলিশের দাবি, গ্রেপ্তারের সময় তাদের কাছ থেকে অপরাধে ব্যবহৃত তিনটি স্মার্টফোন ও নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সমর্থনে প্রচারিত ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’ লেখা পাঁচটি লিফলেট উদ্ধার করা হয়।
পুলিশ আরও জানায়, জব্দ করা মোবাইল ফোনগুলোতে ‘৪০নং ওয়ার্ড কোর আওয়ামী লীগ’ নামে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ সক্রিয় ছিল। ওই গ্রুপের মাধ্যমে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন ধরনের প্ররোচনামূলক প্রচারণা চালানো এবং জনমনে আতঙ্ক সৃষ্টির চেষ্টা করা হচ্ছিল বলে পুলিশের অভিযোগ।
এ ঘটনায় পূবাইল থানার উপপরিদর্শক (এসআই) মো. মেহেদী হাসান বাদী হয়ে সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা দায়ের করেন।
পূবাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) আতিকুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেপ্তার তিন আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।