মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
৩১ ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
৩ রবিউস সানি, ১৪৪৮ হিজরি

উচ্চস্বরে গান বাজানো নিয়ে পুলিশের সঙ্গে মাদরাসাছাত্রদের সংঘর্ষ, আহত ৩০

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশ লাইন্সে সাংস্কৃতিক অনুষ্ঠানে উচ্চস্বরে গান বাজানোকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে মাদরাসাছাত্রদের সংঘর্ষে ৩০ জন আহত হয়েছেন। উত্তপ্ত পরিস্থিতিতে পণ্ড হয়ে গেছে জেলা পুলিশের সাংস্কৃতিক অনুষ্ঠান।

মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে শহরের পশ্চিম মেড্ডার পুলিশ লাইন্সের ভেতরে এ ঘটনা ঘটে। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণ আনতে পুলিশের লাঠিচার্জ ও পাল্টা হামলায় মাদরাসার শিক্ষার্থী পুলিশসহ ৩০ আহত হয়েছেন।
আহতদের জেলা সদর হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

পুলিশ, মাদরাসার শিক্ষার্থী ও স্থানীয় লোকজন জানান, মঙ্গলবার চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আব্দুল কুদ্দুস চৌধুরীর আগমনে রাতে পুলিশ লাইন্সের ভেতরে জেলা পুলিশের আয়োজনে সাংস্কৃতিক অনুষ্ঠান চলছিল।
এ সময় উচ্চস্বরে গান বাজনা হওয়ায় মাদরাসার শিক্ষার্থীরা সাউন্ড কমাতে বলেন। এ নিয়ে পুলিশ ও মাদরাসা ছাত্রদের মধ্যে তর্কবিতর্ক শুরু হয়।
পরে শতাধিক শিক্ষার্থী পুলিশ লাইন্সের ঢুকলে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয়। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ আনতে লাঠিচার্জ করে। এ সময় মাদরাসা ছাত্ররাও ঢিল ছুড়তে শুরু করে। এ ঘটনায় মাদরাসা শিক্ষার্থী পুলিশসহ ৩০ জন আহত হন।

মঙ্গলবার রাতে দারুল আরকাম মাদরাসার কয়েকজন শিক্ষার্থী জানান, বুধবার তাদের মাদরাসায় পরীক্ষা। গান বাজনার উচ্চস্বরে তাদের সমস্যা হচ্ছিল। তাই প্রথমে তারা কয়েকজন পুলিশ লাইন্সের ভেতরে গিয়ে সাউন্ড কমাতে বলেন। প্রথমে সাউন্ড কমালেও পরে তারা আবার বাড়িয়ে দেন। এ নিয়ে পুলিশের সঙ্গে মাদরাসার ছাত্রদের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে পুলিশ লাঠিচার্জ করে মাদরাসা ছাত্রদের আহত করে।

পুলিশ সূত্রে জানা গেছে, রাতেই বিষয়টি মিমাংসা হয়েছে।