মুন্সীগঞ্জ প্রতিনিধি : মুন্সীগঞ্জ কারাগারে থাকা সাবেক শিক্ষামন্ত্রী, সংসদ সদস্য ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক দীপু মনির স্বামী ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। দীপু মনি প্যারোলে মুক্তি পাওয়ার পর তার স্বামী ব্যারিস্টার তৌফিক নেওয়াজের জানাজার বিষয়ে সিদ্ধান্ত হবে বলে জানা গেছে।
তার প্যারোলে মুক্তির আবেদন করতে তার আইনজীবী ও স্বজনেরা বর্তমানে মুন্সীগঞ্জে আছেন।
বুধবার সকালে এ তথ্য জানান দীপু মনির আইনজীবী গাজী ফয়সাল ইসলাম। মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান দীপু মনির স্বামী ব্যারিস্টার তৌফিক নেওয়াজ। মঙ্গলবার রাতে ঢাকার কন্টিনেন্টাল হাসপাতালে (সাবেক ইউনাইটেড) তার মৃত্যু হয় বলে জানিয়েছে দীপু মনির বড় ভাই জে আর ওয়াদুদ টিপু।
ওয়াদুদ টিপু জানান, রাত ১০টা ২৭ মিনিটে তিনি মৃত্যুবরণ করেন। তার দাফন ও জানাজা কোথায় ও কখন হবে, তা দুপুরের পর সিদ্ধান্ত হবে।
২০১৯ সালে মস্তিষ্কে রক্তক্ষরণে (স্ট্রোক) আক্রান্ত হয়ে গুরুতর অসুস্থ হয়ে পড়েন তৌফিক নেওয়াজ। এর পর থেকেই তিনি শয্যাশায়ী ছিলেন।
পরবর্তীতে সুস্থতার গতি থমকে গেলে তাকে নিয়মিত চিকিৎসার মধ্যে রাখতে হয়। গত ২৭ মে হুইলচেয়ারে করে অসুস্থ তৌফিক নেওয়াজকে কারাবন্দি স্ত্রী দীপু মনির সঙ্গে সাক্ষাৎ করাতে আদালতে নিয়ে গিয়েছিলেন তার স্বজনেরা।
ব্যারিস্টার তৌফিক নেওয়াজ পেশাগত জীবনে বাংলাদেশ সুপ্রিম কোর্টের একজন আইনজীবী ছিলেন। আইন পেশার পাশাপাশি তিনি ধ্রুপদি সংগীতেও বেশ পারদর্শী ছিলেন।