নিজস্ব প্রতিবেদক : রাজধানীর কুড়িল বিশ্বরোড থেকে অপহৃত দন্ত চিকিৎসক হাসিবুর হাসানকে (৪৩) পূর্বাচলের একটি নির্জন জঙ্গল থেকে অক্ষত অবস্থায় উদ্ধার করেছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা।
অপহরণকারীরা তার পরিবারের কাছে এক লাখ টাকা মুক্তিপণ দাবি করে এবং তার মোবাইল ফোন নিয়ে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে ১২ হাজার টাকা হাতিয়ে নেয়।
বৃহস্পতিবার (২০ আগস্ট) সকালে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উপ-পরিচালক (গণসংযোগ) মো. নাজমুল সাকিব বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, বুধবার (১৯ আগস্ট) সন্ধ্যায় জলসিঁড়ি মাস্টার ফার্মেসিতে রোগী দেখাতে যাওয়ার জন্য কুড়িল বিশ্বরোডের পাশে অপেক্ষা করছিলেন চিকিৎসক হাসিবুর হাসান।
এ সময় জলসিঁড়ি পৌঁছে দেওয়ার কথা বলে একটি সাদা রঙের মাইক্রোবাসচালক তাকে গাড়িতে তুলে নেয়।
কিছুক্ষণ পর গাড়িতে থাকা অপহরণকারী চক্রের সদস্যরা চিকিৎসকের হাত-পা, চোখ ও মুখ বেঁধে ফেলে।
পরে তার পরিবারের কাছে এক লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। একইসঙ্গে তার অ্যান্ড্রয়েড ফোন নিয়ে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে ১২ হাজার টাকা হাতিয়ে নেয় চক্রটি।
তিনি আরও জানান, পরবর্তীতে চিকিৎসককে হাত, চোখ ও মুখ বাঁধা অবস্থায় পূর্বাচলের ১৯ নম্বর সেক্টরের একটি নির্জন জঙ্গলে ফেলে রেখে পালিয়ে যায় অপহরণকারীরা।
এদিকে ওই এলাকায় টহলরত আনসার সদস্যরা জঙ্গলের ভেতর থেকে গোঙানির শব্দ শুনতে পান। পিসি মো. সিদ্দিকুর রহমানের নেতৃত্বে আনসার সদস্য হাফিজুর রহমান, মো. সাকিবুল, রতন মিয়া ও মো. জুবায়ের দ্রুত শব্দের উৎসের দিকে ছুটে গিয়ে হাত-পা ও চোখ-মুখ বাঁধা অবস্থায় চিকিৎসক হাসিবুর হাসানকে দেখতে পান। পরে তারা তাকে উদ্ধার করে নিরাপদ স্থানে নিয়ে যান এবং গন্তব্যে পৌঁছে দেন।
বিপদের মুহূর্তে আনসার সদস্যদের মানবিকতা, বিচক্ষণতা ও দায়িত্বশীল ভূমিকার জন্য তাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানিয়েছেন ভুক্তভোগী চিকিৎসক।