শনিবার, ২২ আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
৭ ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
৮ রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

রোববার বঙ্গভবনে উঠছেন নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক : দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নেওয়া মির্জা ফখরুল ইসলাম আলমগীর আগামী রোববার (২৩ আগস্ট) বঙ্গভবনে উঠবেন।

রাষ্ট্রপতির কার্যালয় থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

রোববার সকাল ১০টা ৫০ মিনিটে মির্জা ফখরুল ইসলাম আলমগীর মিন্টো রোডের সরকারি বাসভবন থেকে বঙ্গভবন যাবেন। বঙ্গভবনের ২ নম্বর গেটে পৌঁছানোর পর পুলিশের একটি সুসজ্জিত দল নতুন রাষ্ট্রপতিকে সম্মান জানিয়ে ‘গার্ড অব অনার’ মঞ্চে নিয়ে যাবে।

সেখানে রাষ্ট্রপ্রধানকে প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের (পিজিআর) একটি চৌকস দল গার্ড অব অনার প্রদান করবে। সালাম গ্রহণ পর্ব শেষে রাষ্ট্রপতি বঙ্গভবনে তার নিজ কার্যালয়ে প্রবেশ করবেন।
এর আগে রাষ্ট্রপতির কার্যালয় থেকে জানানো হয়েছে, শনিবার (২২ আগস্ট) সকালে সাভারের জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে যাবেন নতুন রাষ্ট্রপতি। সেখানে পুষ্পস্তবক অর্পণের পর তাকে তিন বাহিনীর পক্ষ থেকে গার্ড অব অনার দেওয়া হবে।

শ্রদ্ধা নিবেদন শেষে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর মিন্টো রোডের বাসায় ফিরবেন। এরপর তিনি তার গুলশানের বাসভবনেও যেতে পারেন বলে জানা গেছে।
শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যায় বঙ্গভবনে দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন বিএনপির মহাসচিবের দায়িত্ব পালন করা মির্জা ফখরুল।

এর আগে, বৃহস্পতিবার (২০ আগস্ট) অনুষ্ঠিত রাষ্ট্রপতি নির্বাচনে ২৫৫ ভোট পেয়ে বিজয়ী হন বিএনপির এই প্রার্থী। রাষ্ট্রের সর্বোচ্চ পদে আসীন হওয়ার আগে তিনি সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করছিলেন।