মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
১০ ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
১১ রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

কলাবাগানে নিজ বাসায় মিলল নটরডেম কলেজের সাবেক শিক্ষকের ঝুলন্ত লাশ

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর কলাবাগানে নিজ বাসা থেকে গলায় ফাঁস দেওয়া অবস্থায় নটরডেম কলেজের সাবেক শিক্ষক ধীরেন্দ্র কুমার রায়ের (৭১) লাশ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার সকাল সোয়া ৯টার দিকে গ্রিন রোডের ১৮৮ নম্বর বাসা থেকে তার লাশ উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, ধীরেন্দ্র কুমার রায় বাসার একটি কক্ষে ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দেন। তার মেয়ে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে প্রতিবেশীদের সহযোগিতায় উদ্ধার করে গ্রিন লাইফ হাসপাতালে নিলে চিকিৎসক সকাল সোয়া ৯টার দিকে মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে পুলিশ সকাল সোয়া ১০টার দিকে হাসপাতাল থেকে তার লাশ উদ্ধার করে।

ধীরেন্দ্র কুমারের স্ত্রী দীপালী রায় একটি স্কুলের শিক্ষিকা।
সোমবার সকালে তিনি কর্মস্থলে যান। এ সময় তাদের মেয়ে বাসায় ঘুমিয়ে ছিলেন।
ঘুম থেকে উঠে তিনি বাবাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান।

২০২৫ সাল থেকে ধীরেন্দ্র কুমার শারীরিক অসুস্থতার পাশাপাশি মানসিক সমস্যায় ভুগছিলেন। তার গ্রামের বাড়ি মানিকগঞ্জ সদর উপজেলার বনগ্রাম আবাসিক এলাকায়।

কলাবাগান থানার তদন্ত কর্মকর্তা পরিদর্শক সরদার ইব্রাহিম কবির সোহেল বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, এ ঘটনায় অপমৃত্যুর মামলা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।