গাজীপুর প্রতিনিধি : বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গাজীপুরের বিভিন্ন স্থানে বর্ণাঢ্য র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃষ্টি উপেক্ষা করে বিপুলসংখ্যক নেতাকর্মীর অংশগ্রহণে আয়োজিত এসব র্যালি ও সমাবেশে দলীয় স্লোগান, ব্যান্ড পার্টি, ঘোড়ার গাড়ি এবং বিভিন্ন ব্যানার-ফেস্টুনে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
মঙ্গলবার গাজীপুর মহানগর বিএনপির উদ্যোগে আয়োজিত র্যালিতে নেতৃত্ব দেন মহানগর বিএনপির সভাপতি ও গাজীপুর সিটি করপোরেশনের প্রশাসক মো. শওকত হোসেন সরকার এবং সাধারণ সম্পাদক ও গাজীপুর-২ আসনের সংসদ সদস্য এম মনজুরুল করিম রনি।
জেলার কালীগঞ্জ উপজেলায় বর্ণাঢ্য র্যালি ও সমাবেশে নেতৃত্ব দেন গাজীপুর- ৫ আসনের সংসদ সদস্য ও গাজীপুর জেলা বিএনপির সভাপতি একেএম ফজলুল হক মিলন।
গাজীপুর সদর উপজেলা বিএনপি আয়োজিত বৃক্ষরোপণ ও মাছের পোনা অবমুক্তকরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গাজীপুর- ৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডাক্তার রফিকুল ইসলাম বাচ্চু। এছাড়াও গাজীপুর- ১ আসনের সংসদ সদস্য মো. মজিবুর রহমান বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকীর পৃথক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
মঙ্গলবার একটি র্যালি জয়দেবপুর- চৌরাস্তা সড়কের গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি) কমিশনার কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে কয়েক কিলোমিটার সড়ক প্রদক্ষিণ করে শিববাড়ী মোড় এলাকায় গিয়ে শেষ হয়।
পরে সেখানে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে সভাপতিত্ব করেন গাজীপুর মহানগর বিএনপির সভাপতি মো. শওকত হোসেন সরকার। সমাবেশে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ও গাজীপুর-২ আসনের সংসদ সদস্য এম. মঞ্জুরুল করিম রনি।
র্যালিতে বিএনপির কেন্দ্রীয় নেতা ডাক্তার মাজহারুল আলম, মীর হালিমুজ্জামান ননী, এডভোকেট মেহেদী হাসান এলিস, সরকার জাবেদা আহমেদ সুমন, ভিপি জয়নাল, বশির আহমেদ বাচ্চু, সুরুজ আহমেদ, মনিরুল ইসলাম, সাইফুল ইসলাম টুটুল, গাজী সালাউদ্দিনসহ মহানগর ও থানা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।
একই দিনে কালিগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন একেএম ফজলুল হক মিলন এমপি। উপজেলা বিএনপির সদস্য সচিব সম্পাদক খালেকুজ্জামান বাবলু ও পৌর বিএনপির সদস্য সচিব ইব্রাহিম প্রধানের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির আহবায়ক হুমায়ুন কবির মাস্টার।
এসময় উপস্থিত ছিলেন বিএনপি নেতা সোলায়মান আলম, আশরাফী হাবিবুল্লাহ, খাইরুল হাসান মিন্টু, আরমান মাস্টার, লুৎফর রহমান, আকম মোফাজ্জল হোসেন, শাওন চৌধুরী, মাহবুবুর রহমান, শাহ আলম প্রধানসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী।
এছাড়াও গাজীপুর সদর উপজেলা বিএনপি কর্তৃক আয়োজিত বৃক্ষরোপণ ও মাছের পোনা অবমুক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অধ্যাপক ডাক্তার রফিকুল ইসলাম বাচ্চু এমপি। সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি আবু তাহের মুসল্লি।
আয়োজকরা জানান, বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলীয় নেতাকর্মীদের মধ্যে ঐক্য, সাংগঠনিক শক্তি ও গণতান্ত্রিক আন্দোলনের চেতনা আরও সুদৃঢ় করতেই জেলার বিভিন্ন শাখার আয়োজনে বর্ণাঢ্য র্যালি, বৃক্ষরোপণ, মাছের পোনা অবমুক্তকরণসহ বিপুল সংখ্যক নেতাকর্মী ও সাধারণ মানুষের উপস্থিতিতে সমাবেশের আয়োজন করা হয়।